পুবের কলম, ওয়েবডেস্ক: একটানা রেশন দোকান থেকে চাল, গম বা অন্যান্য খাদ্যসামগ্রী না তুললে বাতিল হতে পারে আপনার রেশন কার্ড। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে এই কড়া সিদ্ধান্ত। দীর্ঘদিন অব্যবহৃত থাকা রেশন কার্ডগুলোকে চিহ্নিত করে 'সাইলেন্ট রেশন কার্ড' হিসেবে গণ্য করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সক্রিয় না করলে ১ অক্টোবর থেকে সেগুলোকে ডি-অ্যাক্টিভেট করে দেওয়া হবে।

মূলত প্রকৃত অভাবী ও যোগ্য উপভোক্তাদের কাছেই যাতে সরকারি রেশনের খাদ্যশস্য পৌঁছায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে খাদ্য দপ্তর।

ঝাড়খণ্ডসহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু হয়েছে। প্রশাসন জানায়, অনেকেই শুধুমাত্র অন্যান্য সরকারি সুবিধা বা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে রেশন কার্ড তৈরি করে রাখেন, কিন্তু পিডিএস ব্যবস্থা থেকে রেশন তোলেন না।

নিয়ম অনুযায়ী, যেসকল গ্রাহক টানা ৬ মাস বা তার বেশি সময় ধরে রেশন দোকান থেকে কোনো খাদ্যসামগ্রী গ্রহণ করেননি। তাদের অযোগ্য ও ভুয়ো কার্ড হোল্ডারদের চিহ্নিত করে বাদ দেওয়া হবে। একইসঙ্গে প্রকৃত সুবিধাবঞ্চিতদের পরিষেবা সুনিশ্চিত করা।