পুবের কলম, ওয়েবডেস্ক: শিশুদের পাসপোর্ট ইস্যু ও মেয়াদের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের জারি করা নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সি আবেদনকারীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের মেয়াদ হবে সর্বোচ্চ ৫ বছর। তবে আবেদনকারীর বয়স ১৮ বছর পূর্ণ হলে মেয়াদ শেষ হওয়ার আগেই পাসপোর্টটি মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে।

সম্প্রতি 'পাসপোর্ট (সংশোধনী) বিধি, ২০২৬' আনুষ্ঠানিকভাবে জারি করা হয়েছে। এর মাধ্যমে ১৯৮০ সালের মূল পাসপোর্ট নিয়মে এই গুরুত্বপূর্ণ সংশোধন আনা হলো।

নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সিদের ৩৬ পাতার সাধারণ পাসপোর্ট দেওয়া হবে। এটি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৫ বছর অথবা আবেদনকারীর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত (যেটি আগে পূর্ণ হবে) বৈধ থাকবে। পাশাপাশি পাসপোর্ট বিধির ৮ নম্বর নিয়ম সংশোধনের মাধ্যমে শিডিউল ৪-এ উল্লেখিত প্রতিটি ক্যাটাগরির আবেদনের জন্য নির্দিষ্ট হারে ফি নির্ধারণ করা হয়েছে। ৩৬ পাতার নতুন পাসপোর্ট তৈরি বা পুনরায় ইস্যু করার আবেদন ফি ১,৭৫০ টাকা (মেয়াদ: ৫ বছর অথবা ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত)। কেন্দ্রীয় সরকারের সংশোধিত ফি তালিকা অনুযায়ী, গত ১ জুলাই থেকেই পাসপোর্টের নতুন আবেদন ফি কার্যকর হয়েছে।