রাজ্যের প্রতিটি জেলা থেকে ট্রাফিক কন্ট্রোল রুমে নিয়মিত ক্যামেরার লাইভ ফিড পাঠানো বাধ্যতামূলক করতে উদ্যোগী হল নবান্ন। কোনও ক্যামেরা বন্ধ বা বিকল থাকলে তার কারণ লিখিতভাবে জানাতে হবে জেলা পুলিশ কর্তাদের। পাশাপাশি, বিকল ক্যামেরা দ্রুত মেরামত এবং প্রয়োজন হলে নতুন ক্যামেরা বসানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। এ বিষয়ে একটি অভিন্ন গাইডলাইন তৈরির কাজও চলছে।
আরও পড়ুন:
সম্প্রতি সল্টলেকের আরক্ষা ভবনে রাজ্য পুলিশের ট্রাফিক হেডকোয়ার্টারে নতুন লাইভ ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই কন্ট্রোল রুম থেকেই রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও চেকপোস্টের ট্রাফিক পরিস্থিতি লাইভ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জেলায় সিসি ক্যামেরা বসানো এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে একাধিক সংস্থা যুক্ত থাকায় সমস্যা তৈরি হচ্ছে। কোথাও ক্যামেরা বসানোর দায়িত্ব এক সংস্থার, আবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব অন্য সংস্থার। ফলে কোনও ক্যামেরা দীর্ঘদিন বিকল থাকলেও দ্রুত মেরামতের ব্যবস্থা করা যাচ্ছে না বলে অভিযোগ।
আরও পড়ুন:
কিছু ক্যামেরা ওয়ারেন্টি চলাকালীনই বিকল হয়ে পড়েছে বলেও জানা গিয়েছে।
এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ক্যামেরা মেরামতের জন্য অর্থের প্রয়োজনের কথাও জানানো হয়েছে।আরও পড়ুন:
নবান্নের নির্দেশ অনুযায়ী, কন্ট্রোল রুমে কোনও জেলার ক্যামেরার ফিড না এলে তার কারণ জানাতে হবে। প্রয়োজন অনুযায়ী মেরামতের জন্য অর্থ বরাদ্দ করা হবে এবং যেখানে মেরামত সম্ভব নয়, সেখানে নতুন ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন:
ক্যামেরা বসানো, রক্ষণাবেক্ষণ এবং বিকল হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গোটা রাজ্যে একটি অভিন্ন নীতি চালুরও পরিকল্পনা রয়েছে। এর ফলে ভবিষ্যতে কোনও ক্যামেরা বিকল হলে সংশ্লিষ্ট সংস্থা বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।