পুবের কলম, ওয়েবডেস্ক: ছুটিতে বাড়ি ফেরার পথে পথচলতি বিবাদের জেরে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো এক ভারতীয় সেনাজওয়ানকে। মিজোরামের কোলাসিব জেলায় গত ২০ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই হামলায় জখম হয়েছেন তাঁর এক বন্ধুও। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই অপ্রাপ্তবয়স্কসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সেনা সদস্যের নাম জাকারিয়া লালহরিয়াতলুয়াঙ্গা (২৯)।

তিনি অসম রেজিমেন্টে কর্মরত ছিলেন এবং বর্তমানে জম্মু ও কাশ্মীরে মোতায়েন ছিলেন।
 
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় লেংপুই বিমানবন্দর থেকে ট্রাকে করে নিজের গ্রাম নিউ বুইলমের উদ্দেশ্যে রওনা হন জাকারিয়া। ট্রাকটি চালাচ্ছিলেন তাঁর বন্ধু জন লালতানপুইয়া। বুইলম ও থিংডালের মাঝামাঝি জাতীয় সড়ক ৩০৬-এর ওপর একটি ট্রাক রাস্তার খারাপ অবস্থার কারণে উল্টো দিক থেকে ভুল লেনে চলে আসে। এ নিয়ে জনের সাথে সেই ট্রাকচালকের কথা কাটাকাটি শুরু হয়।

 
একই সময়ে কাছেই থিংডালের একটি পিকনিক স্পট থেকে হকি দলের খেলা জিতে উদযাপনের পর পিক-আপ ট্রাকে ফিরছিল কৌনপুই এলাকার প্রায় ২০ জনের একটি যুবক দল। অভিযোগ, মদ্যপ অবস্থায় থাকা ওই যুবকরা ট্রাক থেকে নেমে গাড়ি থেকে জনকে টেনে বের করে মারধর শুরু করে। জাকারিয়া তাঁর বন্ধুকে বাঁচাতে গেলে আততায়ীরা তাঁর ওপরও চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছোটে তাঁদের আরেক বন্ধু লালচাওয়িলিয়ানাও, কিন্তু তাঁকেও রেহাই দেওয়া হয়নি। ঘটনাস্থলেই প্রাণ হারান ২৯ বছর বয়সি সেনাজওয়ান জাকারিয়া।
গাড়ির চালক জন সামান্য আঘাত নিয়ে বেঁচে যান।
 
জাকারিয়ার পরিবারে বৃদ্ধ বাবা-মা ও ভাই-বোন রয়েছে। তিনি ২০১৭ সালে অসম রেজিমেন্টে যোগ দেন। তিনি ছিলেন পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ এবং সংসারের অন্যতম প্রধান আর্থিক অবলম্বন। জাকারিয়ার মা লালথাজোভি বিলাপ করে বলেন, "আমার ছেলে দেশের সীমান্তে রক্ষা করতে কত দূরে থাকে, আর পরিবারকে সময় দিতে ঘরে ফেরার মুখেই দুষ্কৃতীদের হাতে তার প্রাণ গেল! আমরা শুধু বিচার চাই। দোষীদের যাতে কঠোরতম শাস্তি দেওয়া হয়, প্রশাসনের কাছে আমাদের এটাই আকুল আবেদন।" ঘটনাটি ঘিরে স্থানীয় অঞ্চলে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এবং জড়িত বাকি আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।