পুবের কলম ওয়েবডেস্ক, সিন্ধু জলচুক্তি নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে পাকিস্তানের দেওয়া চিঠির পালটা জবাব দিল ভারত। পাকিস্তান ভারতের সিদ্ধান্তকে ভুলভাবে তুলে ধরছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি।

মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের পুরনো অভ্যাস হল তথ্য বিকৃত করে প্রচার চালানো। তিনি জানান, পাকিস্তান যে সালিশি আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তের কথা বলছে, সেটি স্থায়ী সালিশি আদালতের রায় নয়।

ভারতের দাবি, ওই আদালত অবৈধভাবে গঠিত হয়েছিল এবং ভারত কখনও তাকে স্বীকৃতি দেয়নি। তাই সেই আদালতের সিদ্ধান্ত ভারতের উপর বাধ্যতামূলক নয়।

ভারতের বক্তব্য, সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করেই ওই সালিশি প্রক্রিয়া তৈরি করা হয়েছিল। ফলে সেখানে ভারতের অংশ নেওয়ার প্রশ্নও ওঠে না।

ওই আদালতের কোনও সিদ্ধান্ত ভারতের সার্বভৌম সিদ্ধান্ত বা জলবিদ্যুৎ প্রকল্পে প্রভাব ফেলতে পারবে না বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত। দিল্লি জানিয়েছিল, পাকিস্তান সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করা পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে। এরপর বিষয়টি নিয়ে সালিশি আদালতের দ্বারস্থ হয় ইসলামাবাদ। সেই সিদ্ধান্তকে সামনে রেখেই রাষ্ট্রসংঘে চিঠি দিয়েছিল পাকিস্তান।