পুবের কলম ওয়েব ডেস্ক: 'নেশামুক্ত ভারত ২০২৯' এবং 'নেশামুক্ত বাংলা'-র লক্ষ্য পূরণে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার নিউটাউনের ইকো পার্কে বুলডোজার চালিয়ে প্রায় ৩ লক্ষ ১০ হাজার নিষিদ্ধ কাফ সিরাপের বোতল নষ্ট করা হল। দ্বিতীয় দফার এই অভিযানে স্বয়ং উপস্থিত থেকে বুলডোজারের স্টিয়ারিং ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংস করা এই মাদক জাতীয় সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ কোটি টাকা। উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ বালুরঘাটেও তিনি নিজে উপস্থিত থেকে প্রায় ২০ কোটি টাকার বেআইনি কাফ সিরাপ এভাবেই ধ্বংস করেছিলেন।
আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, রাজ্যে বেআইনি কাফ সিরাপের ব্যবসা এবং মাদক কারবারিদের কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বর্বরোচিত অপরাধ ও মহিলাদের উপর অত্যাচারের নেপথ্যে মূলত মাদকাসক্তিকেই দায়ী করেছেন তিনি।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানান, ড্রাগ সিন্ডিকেট ভাঙতে পুলিশের এসটিএফ শাখা ইতিমধ্যেই অসম থেকে কুখ্যাত মাদক মাফিয়া জাবেদ শামিমকে গ্রেপ্তার করেছে। বাংলার যুবসমাজকে সুরক্ষিত রাখতে এবং নিষিদ্ধ কাফ সিরাপের আমদানি সম্পূর্ণ রুখতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলি একযোগে কড়া নজরদারি চালাচ্ছে। সমাজবিরোধীদের বিরুদ্ধে প্রশাসনের এই কড়া অবস্থান সার্বিক ভাবে একটি কড়া বার্তাই দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।