পুবের কলম ওয়েবডেস্ক :
বিজেপির সংগঠনে বড়সড় রদবদল। ২০২৭ সালের একাধিক বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নতুন ইনচার্জ ও কো-ইনচার্জ নিয়োগ করল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এই নিয়োগ ঘোষণা করেছেন।
নতুন ব্যবস্থায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানিকে হরিয়ানা ও ছত্তীসগঢ়ের ইনচার্জ করা হয়েছে।
দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুর দায়িত্ব পেয়েছেন বিজেপির সহ-সভাপতি রাম মাধব। একই সঙ্গে তাঁকে উত্তরাখণ্ডের দায়িত্বও দেওয়া হয়েছে। তামিলনাড়ুতে তাঁর সঙ্গে কো-ইনচার্জ হিসেবে থাকছেন নির্মল কুমার সুরানা ও ডি কে অরুণা।
এই সাংগঠনিক রদবদলে একাধিক নেতার হাতে একই সঙ্গে দু’টি রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। হরিশ দ্বিবেদী যেমন বিহার ও কর্নাটক সামলাবেন, স্মৃতি ইরানি হরিয়ানা ও ছত্তীসগঢ় এবং রাম মাধব তামিলনাড়ু ও উত্তরাখণ্ডের দায়িত্বে থাকবেন। সুনীল বনসলের হাতে রাখা হয়েছে পশ্চিমবঙ্গ ও তেলঙ্গানার দায়িত্ব। বিজেপির এই সিদ্ধান্তকে ২০২৭-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, মণিপুর, গুজরাত ও হিমাচল প্রদেশে ২০২৭ সালে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ফলে রাজ্যস্তরে সংগঠন, নেতৃত্ব এবং নির্বাচনী প্রস্তুতির সমন্বয় করতেই এই রদবদল বলে দলীয় ঘোষণায় স্পষ্ট হয়েছে।
একই সঙ্গে বিজেপির জাতীয় যোগাযোগ ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। অনিল বালুনিকে দলের যোগাযোগ বিভাগের কো-অর্ডিনেটর করা হয়েছে এবং আশিস উষা আগরওয়ালকে জাতীয় মিডিয়া বিভাগের কনভেনর করা হয়েছে।