পুবের কলম ওয়েবডেস্ক, দুর্গাপুজোর আগে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য বড় খবর। অক্টোবরের বেতন ও পেনশন নির্ধারিত সময়ের প্রায় ১৫ দিন আগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্ধিত মহার্ঘ ভাতাও ওই বেতনের সঙ্গেই মিলবে।


বুধবার রাজ্যের অর্থ দপ্তর এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে।

সেখানে জানানো হয়েছে, অক্টোবর মাসের বেতন ও পেনশন ৩১ অক্টোবরের বদলে ১৫ অক্টোবর দেওয়া হবে। অর্থাৎ পুজোর কেনাকাটা ও অন্যান্য খরচের জন্য আগেই হাতে টাকা পাবেন সরকারি এবং সরকার পোষিত কর্মীরা।


বাজেটেই সরকারি কর্মী ও সরকার পোষিত কর্মীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা হয়েছিল। অক্টোবর থেকে সেই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার কথা।

নতুন নির্দেশিকা অনুযায়ী, ১৫ অক্টোবর যে বেতন ও পেনশন দেওয়া হবে, তার সঙ্গেই বর্ধিত মহার্ঘ ভাতার টাকা যোগ হবে।


ফলে সেপ্টেম্বরের বেতন নির্ধারিত নিয়মে মাসের শেষ দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পাওয়া যাবে। তার মাত্র ১৫ দিনের ব্যবধানে ফের অক্টোবরের বেতন ও পেনশন হাতে আসবে।
পুজোর সময় সাধারণত কেনাকাটা, খাওয়াদাওয়া-সহ নানা খরচ বেড়ে যায়। পাশাপাশি টানা ছুটির কারণে অনেক সরকারি দপ্তরও বন্ধ থাকে। এই বিষয়গুলি মাথায় রেখেই আগেভাগে বেতন দেওয়ার সিদ্ধান্ত বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে।