পুবের কলম ওয়েব ডেস্ক: রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের জেরে আমেরিকার ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারির মাঝেই আগামী ডিসেম্বরে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর আমেরিকার ফ্লোরিডায় আয়োজিত আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতেই প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর। সম্মেলন চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। সরকারি ভাবে বিদেশ মন্ত্রক এখনও এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই বৈঠক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন:
সম্প্রতি আমেরিকায় পাশ হওয়া একটি আইনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত যে কোনও দেশের পণ্যের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারে ওয়াশিংটন।
খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই এই বিলে স্বাক্ষর করেছেন। ভারত যেহেতু রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে থাকে, তাই এই আইন নয়াদিল্লির জন্য যথেষ্ট উদ্বেগের। দুই দেশের এমন টানাপোড়েনের আবহে ট্রাম্প ও মোদীর মুখোমুখি আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।আরও পড়ুন:
আমেরিকা সফর সেরে কানাডাতেও যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক সম্পর্কের বরফ গলার পর এই সফর দুই দেশের জন্যই ইতিবাচক বার্তা দেবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, ডিসেম্বরে মোদীকে সে দেশে স্বাগত জানাতে তাঁরা প্রস্তুত এবং এই সফরের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক আদানপ্রদান আরও গতি পাবে।