পুবের কলম ওয়েব ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। এবার থেকে বাজারে আরও উন্নত মানের স্ক্রিন প্রোটেক্টর বা টেম্পারড গ্লাস পাবেন ক্রেতারা। স্মার্টফোনের স্ক্রিন প্রোটেক্টরের ক্ষেত্রে সম্প্রতি নতুন নিয়ম জারি করেছে সরকার। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস আইন, ২০১৬-এর অধীনে এবং ২০২১ সালের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন আদেশের সংশোধন করে এই নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
বর্তমানে বাজারে নামী ব্র্যান্ডের পাশাপাশি প্রচুর সস্তা এবং নামহীন কোম্পানির স্ক্রিন গার্ড বিক্রি হয়। তবে নতুন নিয়ম কার্যকর হলে, নির্মাতা এবং আমদানিকারকদের নিশ্চিত করতে হবে যে তাদের পণ্যগুলি যেন সরকার নির্ধারিত নির্দিষ্ট গুণমান বজায় রাখে। সরকার কোনোভাবেই স্মার্টফোনের স্ক্রিন প্রোটেক্টর বিক্রি নিষিদ্ধ করেনি। বরং এই পণ্যগুলিকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে।
আগামী ২০২৭ সালের ১ এপ্রিল থেকে প্রতিটি স্ক্রিন প্রোটেক্টরকে বাধ্যতামূলকভাবে ‘আইএস ১৯৩৪৮:২০২৫’ মানদণ্ড মেনে চলতে হবে।আরও পড়ুন:
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এর ফলে কি স্ক্রিন গার্ডের দাম বাড়বে? সরকারি বিজ্ঞপ্তিতে কোথাও সরাসরি বলা হয়নি যে এই নিয়মের জেরে স্ক্রিন প্রোটেক্টরের দাম বাড়বে বা বাজার থেকে কোনো নির্দিষ্ট পণ্য তুলে নেওয়া হবে। তবে, নতুন নিয়ম মেনে ব্যবসা করতে গেলে নির্মাতা ও আমদানিকারকদের পণ্য পরীক্ষার জন্য অতিরিক্ত সার্টিফিকেশনের প্রয়োজন হতে পারে। এর প্রভাব তাদের ব্যবসার পরিচালনা পদ্ধতির ওপর পড়তে পারে। সামগ্রিকভাবে, এই নতুন নিয়মের ফলে সাধারণ ক্রেতারা সস্তার নিম্নমানের পণ্যের বদলে সঠিক ও উন্নত মানের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহারের সুযোগ পাবেন।