পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলাকালীন প্রকাশ্যে এলো এক অভূতপূর্ব ছবি। তথ্যে অসঙ্গতি ও পূর্ববর্তী তালিকার সঙ্গে তথ্য না মেলার কারণে খোদ নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু, সিবিআই পরিচালক প্রবীণ সুদ এবং একাধিক বর্তমান ও প্রাক্তন কেন্দ্রীয় সচিবসহ প্রায় ৩১.৬৩ লাখ ভোটারকে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সফটওয়্যার 'ECINET'-এ অসঙ্গতি ধরা পড়ার পর দিল্লির নিউ মতিবাগসহ একাধিক হাই-প্রোফাইল এলাকার বুথভিত্তিক ভোটারদের জন্য এই নোটিশ জারি করা হয়েছে।
আরও পড়ুন:
কমিশনের নোটিশ তালিকায় রয়েছে, নির্বাচন কমিশনার ড. এস. এস. সান্ধু।
তবে দিল্লি ক্যাণ্টের নির্বাচনী নিবন্ধন আধিকারিক স্পষ্ট করেছেন, ড. সান্ধুর নথিপত্র ইতিমধ্যেই যাচাই ও চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির জন্য অনুমোদন করা হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিস্রি, সেবি (SEBI) চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে, প্রধানমন্ত্রীর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অজয় কুমার সুদ, স্বাস্থ্য সচিব পুণ্যা সলিলা শ্রীবাস্তব, অর্থ বিভাগের সচিব ভুমলুনমাং ভুয়ালনামসহ একাধিক সচিবের তথ্য আগের SIR তালিকার সঙ্গে 'ম্যাপ' করা যায়নি।আরও পড়ুন:
কমিশনের তথ্য অনুযায়ী,ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) কে সঞ্জয় মূর্তি "অভিভাবকের নামে অসঙ্গতি"-র জন্য নোটিশ পেয়েছেন। এছাড়াও সাবেক নীতি আয়োগের সহ-সভাপতি অরবিন্দ পানগড়িয়া, সাবেক নির্বাচন কমিশনার অরুণ গোয়েল এবং সাবেক ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমারের মতো হেভিওয়েট ব্যক্তিত্বদের নামও নোটিশপ্রাপ্তদের তালিকায় রয়েছে।
একটানা নোটিশ জারির খবরে ভিআইপি থেকে সাধারণ ভোটারদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে দিল্লির মুখ্য নির্বাচনী কর্মকর্তা এক বিবৃতিতে সাফ জানিয়েছেন, "নোটিশ জারি করার অর্থ এই নয় যে কারও নাম দিল্লি এনসিটি-র ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। ECINET সিস্টেমে তথ্য সংশোধন করতেই স্বয়ংক্রিয়ভাবে নোটিশ জেনারেট হচ্ছে। শুনানি এবং সঠিক আইনি নির্দেশ ছাড়া কারও নাম বাদ দেওয়া সম্ভব নয়।"আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৫ সালে বিহার থেকে শুরু হওয়া এই দেশব্যাপী SIR প্রক্রিয়ায় এ পর্যন্ত ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে খসড়া তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। এর আগে পশ্চিমবঙ্গেও কমিশনের অ্যালগরিদমে অসঙ্গতি ধরা পড়ায় ২৭.১৬ লাখ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।