পুবের কলম প্রতিবেদক: ২০৩২ সালের অলিম্পিকের রোয়িং প্রতিযোগিতার ভেন্যু হিসেবে চূড়ান্ত এদিন অনুমোদন পেয়েছে অস্ট্রেলিয়ার ফিটজরয় নদী। নানান পরিক্ষা নিরীক্ষার শেষে ফিটজরয় নদীকে ক্যানোয়িংয়ের উপযুক্ত বলে ঘোষণা করা হয়। তবে মজার ব্যাপারে হল, ওই নদীতে ৫০০ লোনা কুমিরের উপস্থিতির বিষয়টি মাথায় রাখা হয়নি। ‘কুমিরের আখড়া’ হিসেবে পরিচিত ফিটজরয় নদী অলিম্পিকের রোয়িংয়ের ভেন্যু হিসেবে সফলভাবে উত্তীর্ণ হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে।

২০৩২ সালের জুলাই-আগস্টে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আয়োজিত হবে অলিম্পিক গেমস। সেই অলিম্পিকের রোয়িংয়ের ভেন্যু হিসেবে কুমিরের আখড়াকে বেছে নেওয়ায় অবাক অনেকে। তবে এ ব্যাপারে অস্ট্রেলিয়ার গেমস ইনডিপেনডেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কোঅর্ডিনেশন অথরিটি জানিয়েছে, মূলত অলিম্পিকের সময় এবং তার আগের সময়ে আবহাওয়া, জলের স্তর ও বন্যার ঝুঁকি কতটা থাকবে, তা সবকিছু বিবেচনা করে ফিটজরয় নদীতে রোয়িংয়ের ভেন্যু হিসেবে বাছা হয়েছে। এই নদীতে স্রোতের গতি কম।

যেটার ফলে ভেন্যুটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে নিয়মিত স্কুল পর্যায়ের প্রতিযোগিতা, স্থানীয় রেগাটা (একধরনের ইয়ট প্রতিযোগিতা) এবং জাতীয় দলের ক্যাম্প হয়। 
ফিটজরয় নদী সম্পর্কে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই নদীতে নিয়মিত রোয়িং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যার ফলে সেটাকেই অলিম্পিকের রোয়িংয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
ওই নদীতে মাঝেমধ্যে কুমির দেখা গেলে নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট ‘কন্টিনজেন্সি প্ল্যান’ বা জরুরি ব্যবস্থা রাখা আছে। অ্যাথলেটদের নিরাপত্তার বিষয়ে অলিম্পিক কর্মকর্তাদের আশ্বাস দেওয়া হয়েছে। এ ব্যাপারে ওয়ার্ল্ড রোয়িংয়ের প্রেসিডেন্ট জ্যঁ-ক্রিস্তফ রোলাঁ বলেন, ‘ফিটজরয় নদী অলিম্পিক-প্যারালিম্পিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নানান পরিক্ষার ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে খেলা চলা অবস্থায় ফিটজরয় নদী স্বচ্ছ প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে পারবে। এটি অলিম্পিক ও প্যারালিম্পিক রোয়িংয়ের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ রকহ্যাম্পটনের ৫০০ কুমিরের ফিটজরয় নদীতে রোয়িং প্রতিযোগিতা আয়োজন করতে কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছেন প্যাডল ওয়ার্ল্ডওয়াইডের প্রেসিডেন্ট টমাস কোনিয়েটজকো।