পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের দমকল বিভাগকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলতে বড়সড় নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দমকলের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে খুব শীঘ্রই দমকলে মোট ১৪০০ জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি, আগামী এক বছরের মধ্যে আরও আড়াই হাজার স্থায়ী পদ তৈরি করে কর্মী নিয়োগ করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই নতুন নিয়োগের মধ্যে ১০০০ জন ফায়ার অপারেটর, ৩২৫ জন ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার এবং ৭৫ জন সাব-অফিসার পদে নিযুক্ত হবেন। এই প্রসঙ্গে পূর্বতন সরকারকে নিশানা করে তিনি বলেন, আগের সরকার দমকলে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছিল, যা এই ধরনের জরুরি পরিষেবায় একেবারেই উচিত নয়।
রাজ্যে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারাপীঠ এবং নিউ মার্কেটে ঘটা দুটি বড় অগ্নিকাণ্ডের কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই দুটি ঘটনাতেই আগুনে পুড়ে কারও মৃত্যু হয়নি, বরং ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণহানি ঘটেছে। কারণ হিসেবে দেখা গিয়েছে, টাকা না দিয়ে আবাসিকরা যাতে ভোরে পালিয়ে যেতে না পারেন, তার জন্য হোটেল কর্তৃপক্ষ বেরনোর রাস্তায় বা এগজিট পয়েন্টে তালা লাগিয়ে দিয়েছিল। এই ঘটনায় তিনি রীতিমতো হতবাক। তবে এই দুই বিপর্যয়ে সাহসিকতার সঙ্গে লড়াই করে দমকল কর্মীরা তারাপীঠে ৩০ জন এবং নিউ মার্কেটে ৮০ জনকে সুরক্ষিতভাবে উদ্ধার করেছেন। এই অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ ওই দমকল কর্মীদের 'জীবন রক্ষা মেডেল' দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি।
বাহিনীতে লোকবল বাড়ানোর পাশাপাশি পরিকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে রাজ্য সরকার। এদিনের অনুষ্ঠান থেকেই দমকল বিভাগের জন্য নতুন প্রজন্মের অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী সরঞ্জামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে ১৯৮টি মিড সাইজ ওয়াটার টেন্ডার, ২৫টি মাল্টি পারপাস ফায়ার টেন্ডার এবং ৩টি আর্টিকুলেটিং ওয়াটার টাওয়ার।