পুবের কলম ওয়েব ডেস্ক: জাতীয় নির্বাচন কমিশনের অন্দরে তীব্র মতবিরোধের অভিযোগকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, অপর দুই নির্বাচন কমিশনারের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে একতরফাভাবে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গত ১০ মাসে বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার কমিশনের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে লিখিতভাবে আপত্তি জানিয়েছিলেন অপর দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। ভোটার তালিকায় নতুন নাম সংযোজন, নাম বাদ দেওয়া এবং বাদ পড়া নাম ফের তালিকায় তোলার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের কোনও সম্মতি ছিল না বলেই ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই কেন্দ্রের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানিয়েছে বিরোধী শিবির। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ বিরোধী নেতৃত্ব। বিরোধীদের অভিযোগ, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে যে গেরুয়া শিবির নির্বাচনে কারচুপি করেই জয় হাসিল করছে। এই আবহেই মুখ্য নির্বাচন কমিশনারের কড়া সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। জ্ঞানেশ কুমারের উদ্দেশে তোপ দেগে তিনি বলেন যে তাঁর খেলা শেষ হয়ে গিয়েছে, পাশাপাশি এই ইস্যুতে ফের নতুন করে বিক্ষোভ আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
তুমুল বিতর্কের মুখে পড়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছে নির্বাচন কমিশনও। কমিশনের তরফে সাফাই দিয়ে জানানো হয়েছে যে এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত প্রতিষ্ঠান। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সদস্যদের মধ্যে আলোচনা, মতবিনিময় কিংবা ভিন্নমত থাকা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কমিশনের তিন সদস্যের পাশাপাশি অন্যান্য আধিকারিকরাও স্বাধীনভাবে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন। তবে পারস্পরিক আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবেই গৃহীত হয় বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।