উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা। তার জেরে আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সতর্ক করতে এবার মৈপীঠ কোস্টাল থানার পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় মাইকিং করা হল।বুধবার বারুইপুর পুলিশ জেলার মৈপীঠ কোস্টাল থানার ওসি জাহিদ মন্ডল সহ একাধিক পুলিশ কর্মী গঙ্গার ঘাট সহ একাধিক নদী উপকূলবর্তী এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যেই মাইকিং করে।

কোনওরকম ঝুঁকি না নিয়ে এই কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে এদিন আবেদন জানানো হয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,দক্ষিণবঙ্গের পাশাপাশি উপকূলবর্তী এলাকায় এই সময় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।বঙ্গোপসাগরে প্রতিকূল পরিস্থিতির কারণে নদী ওসমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে বলেও সতর্ক করা হয়েছে।বিশেষ করে গভীর সমুদ্রে হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেলে ছোট ও মাঝারি মাছ ধরার নৌকাগুলির ক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকে।
এই পরিস্থিতিতে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মাইকিং শুরু করেছে। মাইকিং করে মৎস্যজীবীদের জানানো হয়েছে, ২৩, ২৪ এবং ২৫ সেপ্টেম্বর কোনওভাবেই সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না। ইতিমধ্যে যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদেরও আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার জন্য সতর্ক করা হয়েছে।সুন্দরবনের মৈপীঠ ও সংলগ্ন উপকূলবর্তী এলাকার বহু মানুষের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছ ধরার সঙ্গে যুক্ত।
বছরের বিভিন্ন সময়ে প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্রে দুর্ঘটনার ঘটনাও ঘটে।ফলে প্রশাসনের এই আগাম সতর্কতাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন স্থানীয় বাসিন্দারা।পুলিশের পক্ষ থেকে মৎস্যজীবীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নয়, এই মুহূর্তে নিরাপদ আশ্রয়েইথাকতে হবে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদনও জানানো হয়েছে।প্রশাসনের এই সতর্কবার্তার ফলে মৈপীঠের উপকূলবর্তী এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে প্রশাসন ও পুলিশ। আগামী কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও অপ্রয়োজনে সমুদ্র ও নদী সংলগ্ন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।