মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পৌঁছালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার ফার্স্ট লেডি পেং লি ইউয়ানকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনে পৌঁছান তিনি। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েনের আবহে শি জিনপিংয়ের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে চীনা প্রেসিডেন্টের বিমান অবতরণের পর তাঁকে ও পেং লি ইউয়ানকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

শি জিনপিংকে স্বাগত জানাতে বিমানঘাঁটিতে ছিল বিশেষ আয়োজন। মার্কিন শিশুরা ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানায়। পাশাপাশি গার্ড অব অনার, দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাঁকে অভিবাদন জানানো হয়।

শি জিনপিংকে ‘মহান নেতা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই দেশের বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা এবং সম্পর্ক আরও উন্নত করার আশা প্রকাশ করেন তিনি।

জবাবে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে কাজ করা। দুই দেশের জনগণের স্বার্থ গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত বলেও উল্লেখ করেন তিনি। সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে এবং মতপার্থক্য নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন চীনা প্রেসিডেন্ট।

সফরে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা করবেন শি। দুই দেশের যোগাযোগ ও সহযোগিতার পরিসর আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।