পুবের কলম, ওয়েবডেস্ক: জমুইয়ে দশম শ্রেণীর দুই শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের ঘটনা কাটতে না কাটতেই এবার বিহারের সমস্তিপুরে ঘটল একই ধরনের চাঞ্চল্যকর ঘটনা। জমুই থেকে মাত্র ১৩১ কিলোমিটার দূরে সমস্তিপুরের জগতসিংহপুর গ্রামে এক তরুণী ও তাঁর সহযাত্রী তরুণকে প্রকাশ্য রাস্তায় ঘিরে ধরে মারধর, গালাগালি এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িত প্রধান চার অভিযুক্তকেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, জগতসিংহপুর গ্রামের একটি নির্জন রাস্তায় মোটরসাইকেল থামিয়ে ছবি তুলছিলেন ওই তরুণ ও তরুণী। সে সময় আচমকাই স্থানীয় কয়েকজন যুবক বাইকে করে এসে তাঁদের ঘিরে ফেলে। ভিডিওতে দেখা যায়, যুবকরা তরুণীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, ধাক্কাধাক্কি করছে এবং চরম হেনস্থা করছে। আক্রান্তদের স্থানীয় বাসিন্দারা শনাক্ত করার পরই পুলিশ অভিযান চালায়।

ঘটনাটি নজরে আসতেই বিহার পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "জগতসিংহপুর এলাকায় দিনদুপুরে এক তরুণীকে উত্ত্যক্ত করার ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। ঘটনায় যুক্ত চার অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।"

উল্লেখ্য, কয়েক দিন আগেই বিহারের জমুই জেলায় টিউশন ক্লাস শেষে স্কুটারে বাড়ি ফেরার পথে দুই স্কুল শিক্ষার্থীকে একইভাবে ঘিরে ধরে শ্লীলতাহানি করা হয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, এক মাস্ক পরা যুবক তরুণীর চুল ধরে টানাটানি করছে এবং অন্য যুবকরা তরুণকে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। জমুইয়ের সেই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু সেই ঘটনার তোলপাড়ের মধ্যেই সমস্তিপুরের এই নতুন ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা ও নারী সুরক্ষা নিয়ে চরম প্রশ্ন উঠেছে।