পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলা-সহ পাঁচ রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ব্যাপক অর্থ খরচ করেছে বিজেপি। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া দলের নির্বাচনী তহবিলের আয়-ব্যয়ের হিসাব থেকে এই তথ্য জানা গিয়েছে। জমা দেওয়া হিসাব অনুযায়ী, পাঁচ রাজ্যে ভোট প্রচার ও আনুষঙ্গিক কাজের জন্য বিজেপির মোট খরচ হয়েছে ৫২৯ কোটি টাকা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে বাংলায় দলের খরচের পরিমাণ। শুধুমাত্র বাংলা দখলের লড়াইয়ে গেরুয়া শিবিরের কোষাগার থেকে খরচ হয়েছে ২৮৬ কোটি টাকা।
আরও পড়ুন:
বিজেপির দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় দলের সামগ্রিক প্রচারের পিছনে ২১৭.১৬ কোটি টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি, প্রার্থীদের জন্য খরচ করা হয়েছে ৬৯.৮৩ কোটি টাকা এবং প্রচারের খরচ চালানোর জন্য প্রার্থীদের দেওয়া হয়েছে ৫৮.৮০ কোটি টাকা। বাংলার পর খরচের তালিকায় রয়েছে অসম, যেখানে খরচ হয়েছে ৯৬ কোটি ২৬ লক্ষ টাকা। এছাড়া কেরলে ৮২ কোটি ৬৭ লক্ষ, তামিলনাড়ুতে ৫১ কোটি ৫৬ লক্ষ এবং পুদুচেরিতে ১১ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয় করেছে দল। তবে এই হিসাবের মধ্যে প্রার্থীদের নিজস্ব ব্যয় এবং রাজ্য ও জেলা স্তরের দলের খরচ অন্তর্ভুক্ত নয়।
আরও পড়ুন:
বিপুল ব্যয়ের পাশাপাশি আয়ের ক্ষেত্রেও বড় লাফ দিয়েছে বিজেপি। জানা গিয়েছে, এই পাঁচ রাজ্যে ভোটের সময় শুধুমাত্র দলের কেন্দ্রীয় সদর দপ্তরেই ১ হাজার ৪৭৩ কোটি টাকার অনুদান এসেছে। এর বাইরে রাজ্য দপ্তরগুলিতে জমা পড়া চাঁদার হিসাব আলাদা। খতিয়ান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ দলের নির্বাচনী তহবিলে জমা অর্থের পরিমাণ ছিল ৬ হাজার ৭২২ কোটি টাকা। পাঁচ রাজ্যের নির্বাচনের পর বিপুল অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও ৬ মে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬২৭ কোটি টাকা। আয়ের এই বিশাল অঙ্ক সামনে আসতেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। এত বিপুল পরিমাণ অর্থের উৎস কী এবং কারা বিজেপিকে এই বিপুল অনুদান দিচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।