পুবের কলম ওয়েব ডেস্ক: নির্বাচন কমিশনের অন্দরে সংঘাতের খবর প্রকাশ্যে আসতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী।বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে লোকসভার বিরোধী দলনেতা জ্ঞানেশ কুমারকে সরাসরি ‘দেশদ্রোহী’ বলে তোপ দাগেন। তাঁর অভিযোগ, লোকসভা ও পরবর্তী নির্বাচনগুলিতে ব্যাপক ভোট চুরি হয়েছে এবং এই চুরির মাধ্যমে সংসদে আসা প্রণেতাদের তৈরি আইনও সম্পূর্ণ অবৈধ। গণতন্ত্র রক্ষার স্বার্থে অবিলম্বে মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা দাবি করেন রাহুল। তাঁর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবীনদের রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, গত ১০ মাসে ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়া-সহ একাধিক সিদ্ধান্তে মুখ্য কমিশনারের সঙ্গে অপর দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীর মতবিরোধ হয় এবং তাঁরা অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনেই বিরোধীরা সরব হয়েছেন। তবে কমিশনের তরফে জানানো হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় মতানৈক্য স্বাভাবিক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতেই হয়। 

অন্য দিকে, কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে পালটা ময়দানে নেমেছে বিজেপি। দলের সাংসদ সম্বিত পাত্র দাবি করেছেন, নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতির জন্ম আদতে কংগ্রেসের আমলেই হয়েছিল। ১৯৫৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস সরকার কীভাবে বহু নির্বাচন কমিশনারকে রাজনৈতিক পদ ও সরকারি পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছে, তার একাধিক উদাহরণ তুলে ধরে কংগ্রেসের অভিযোগকে নিছকই ‘মিথ্যার চক্রব্যূহ’ বলে কটাক্ষ করেন তিনি।