পুবের কলম, ওয়েবডেস্ক: আইআইটি বোম্বে-এর বি.টেক দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোড়ের (২২) মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় দোষী শিক্ষকদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁর পরিবার। গত ১৩ সেপ্টেম্বর হোস্টেলে ছেলের সাথে শেষ দেখা করেছিলেন সাহিলের বাবা-মা। তার কিছুদিন পরেই ফোন করে কান্নায় ভেঙে পড়ে সাহিল জানায়, ক্যাম্পাসে তার ওপর চরম জাতিগত নির্যাতন ও বৈষম্য চালানো হচ্ছে। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে ধৈর্য ধরতে বলেছিলেন বাবা। কিন্তু তার ঠিক পাঁচ দিন পর, ১৮ সেপ্টেম্বর পোওয়াই ক্যাম্পাসের হোস্টেল ঘর থেকে সাহিলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।


 
ছেলেকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া এবং জাতিগত নির্যাতনের অভিযোগে ইতিমধ্যেই দুই শিক্ষক— অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লা এবং অধ্যাপক শিরীষ কেদারে-র বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও এসসি/এসটি আ্যাট্রোসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
মঙ্গলবার মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে যান সাহিলের বাবা রবীন্দ্র ওয়াকোড়ে ও মা সোনালী ওয়াকোড়ে। সেখানে এফআইআর-এ নাম থাকা শিক্ষকদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন তাঁরা। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রবীন্দ্র ওয়াকোড়ে আক্ষেপ করে বলেন, "ফোনে ও কান্নাকাটি করছিল। বলছিল জাতিভেদের নামে ওর ওপর চরম মানসিক অত্যাচার করা হচ্ছে।
আমি ওকে শান্ত করার চেষ্টা করি, বলি এসব কথায় কান না দিয়ে নিজের ভবিষ্যতে মন দিতে। কিন্তু তারপরই ওর মৃত্যুর খবর পাই। যেহেতু সাহিল মৃত্যুর আগে অভিযুক্তদের নাম স্পষ্ট করে জানিয়েছিল, তাই আমরা এফআইআর করেছি। সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও কেন পুলিশ তাঁদের গ্রেফতার করছে না?"
 
ঘটনার পরপরই আইআইটি বোম্বে দাবি করেছিল যে, পরীক্ষার সময় চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে নকল করতে গিয়ে সাহিল ধরা পড়েছিল এবং সেই মানসিক চাপ থেকেই এই ঘটনা।
তবে পরিবারের তীব্র প্রতিবাদ ও ক্ষোভের মুখে সোমবার সেই বয়ান থেকে একপ্রকার পিছু হটেছে আইআইটি কর্তৃপক্ষ।
সোশ্যাল মিডিয়া এক্স (X)-এ অফিসিয়াল বিবৃতি জারি করে আইআইটি বোম্বে জানিয়েছে, সাহিলের মৃত্যুর কারণ নিয়ে আগের মন্তব্যের জন্য তারা অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী।
 
ঘটনাটি বর্তমানে তদন্তাধীন, তাই সঠিক তদন্তের আগে এমন মন্তব্য করা অনুচিত ছিল। বয়ান বদল নিয়ে প্রশ্ন তুলে সাহিলের বাবা বলেন, "প্রথমে ওরা বলল ছেলে নাকি নকল করছিল, আবার পরে ক্ষমা চেয়ে বলল এমন কিছুই হয়নি! এখান থেকেই তো পরিষ্কার ওরা বিষয়টি ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?"
 
একদিকে মৃত ছাত্রের পরিবার যখন অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অনড়, অন্যদিকে মঙ্গলবার আইআইটি বোম্বে ক্যাম্পাসে অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লার সমর্থনেও শত শত শিক্ষার্থী বিক্ষোভ দেখান। ফলে সাহিলের মৃত্যুকে কেন্দ্র করে আইআইটি বোম্বে ক্যাম্পাসের উত্তেজনা ক্রমশ বাড়ছে।