পুবের কলম ওয়েবডেস্ক, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বৃহস্পতিবার নিউইয়র্কে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তাঁর সঙ্গে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির প্রকাশ্য বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় সময় বৃহস্পতিবারই সাধারণ পরিষদে ভাষণ দিয়ে ফিরে যাওয়ার কথা নেতানিয়াহুর।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মামদানি। তিনি এর আগে বলেছিলেন, আন্তর্জাতিক আদালতের পরোয়ানা থাকায় নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তার করা উচিত।

তবে পরে মেয়র নিজেই জানান, তাঁকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা তাঁর নেই। চলতি সপ্তাহেও মামদানি নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ করেন। নেতানিয়াহু অবশ্য যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছেন।

নিউইয়র্ক সফরের আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু মামদানির নাম উল্লেখ করে বলেন, ইসরায়েলি সেনাদের পক্ষে কথা বলতে এবং মামদানির বিষয়ে ‘সত্য’ জানাতেই তিনি নিউইয়র্ক যাচ্ছেন। তিনি মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগও করেন।

নেতানিয়াহুর সফর মাত্র কয়েক ঘণ্টার। নিরাপত্তার কারণে তাঁর বিমান নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের বদলে নিউজার্সিতে নামতে পারে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে। এদিকে নিউইয়র্কে তাঁর বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলি সরকারের বিরোধীরা।

দেশেও চাপের মধ্যে রয়েছেন নেতানিয়াহু। কয়েক সপ্তাহ পর ইসরায়েলে নির্বাচন। সাম্প্রতিক জরিপে তাঁর জনপ্রিয়তা কমার তথ্য এসেছে। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকও নির্ধারিত হয়নি।