পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে নির্বাচন কমিশনের অন্দরের সংঘাত প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে আবারও তীব্র আক্রমণে বিধল কংগ্রেস। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারে অবিলম্বে পদত্যাগের দাবি পুনরুজ্জীবিত করে জাতীয় কংগ্রেস। দলের দাবি, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য তরুণ ভোটার তথা 'জেন জি'-দের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে।

এই সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভবিষ্যতে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

কংগ্রেসের তথ্য ও প্রচার সংক্রান্ত দায়িত্বে থাকা জয়রাম রমেশ বেশ কিছু বিস্ফোরক দাবি তুলে ধরেন। তিনি জানান, গোয়ার 'ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার' (ইআরও)-রা বহু বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্তির সুপারিশ করলেও কমিশন তা গ্রাহ্য করেনি। বরং তাঁদের প্রশাসনিক ক্ষমতা খর্ব করতে 'ECINet' ব্যবস্থার অ্যাক্সেস সীমিত করে দেওয়া হয়েছে। এছাড়া 'ফর্ম ৬'-এ নতুন নিয়ম ও জটিলতা তৈরি করে তরুণ ভোটারদের নাম তোলার পথ কঠিন করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্ট উল্লেখ করে জয়রাম রমেশ দাবি করেন, এসআইআর (SIR)-এর সাম্প্রতিক পর্যায়ে দিল্লিতে প্রায় ৫৪ শতাংশ এবং দেশজুড়ে বিভিন্ন রাজ্যে প্রায় ১২ কোটি ভোটারের নাম হয় বাদ দেওয়া হয়েছে, না হয় 'সন্দেহজনক' হিসেবে ফ্ল্যাগড করে রাখা হয়েছে। সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নষ্ট হয়ে গেছে, যার কারণে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আর এক মুহূর্তও পদে থাকার অধিকার নেই। রমেশের কথায়, "তরুণ ভোটার অর্থাৎ Gen Z-দের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এই অশুভ চক্রান্তের জন্য সিইসি-র ইস্তফার পর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জনগণের কাছে জবাব দিতে হবে।"