পুবের কলম, ওয়েবডেস্ক: শীতের শুরুতেই রাজ্যে বাজতে চলেছে পুরভোটের বাদ্যি। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা-সহ রাজ্যের মোট সাতটি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ বা ২৮ অক্টোবর পুরভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ বা ২৯ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ ডিসেম্বর ভোটগণনার সম্ভাবনা রয়েছে। যে সাতটি পুরসভায় ভোট হতে চলেছে সেগুলি হলো— কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং।

এই সাতটি পুরসভার মোট ৬,৩০১টি বুথে ভোটগ্রহণ করা হবে।

ভোটের রূপরেখা ও প্রস্তুতি চূড়ান্ত করতে শুক্রবার সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই সংশ্লিষ্ট জেলাগুলিতে ইভিএম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

বর্তমানে রাজ্যের ১২টি জেলার মোট ১৫টি পুরসভায় নির্বাচিত পুরবোর্ড নেই। সেখানে প্রশাসক বসিয়ে চালানো হচ্ছে নাগরিক পরিষেবা।

সবচেয়ে উল্লেখযোগ্য হাওড়া পুরসভা, যেখানে দীর্ঘ ১৩ বছর (২০১৩ সালে শেষ নির্বাচন) ধরে কোনো নির্বাচন হয়নি। ২০১৮ সালে এর মেয়াদ ফুরিয়ে যায়। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর অধিকাংশ পুরসভার পুরবোর্ড অচল হয়ে পড়েছিল এবং একাধিক বোর্ড ভেঙে দেওয়া হয়, যার ফলে ব্যাহত হচ্ছিল সাধারণ নাগরিক পরিষেবা।

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বকেয়া পুরভোট দ্রুত সম্পন্ন করার বার্তা দিয়েছিলেন। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল হাওড়া-সহ আটকে থাকা পুরসভাগুলির ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।