পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার নিউ টাউনে গৌতম আদানি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে প্রস্তাবিত 'আদানি আরোগ্য মন্দির'-এর শিলান্যাস ও ভূমিপুজো সম্পন্ন হল। এই অলাভজনক মেগা হাসপাতালে মোট ২ হাজার শয্যা থাকবে, যার মধ্যে ১ হাজার শয্যা কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্যবিমার আওতাভুক্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য নির্দিষ্ট থাকবে। হাসপাতাল চত্বরেই গড়ে উঠবে আধুনিক মেডিক্যাল কলেজ ও গবেষণা কেন্দ্র। স্বাস্থ্য পরিকাঠামোর এই প্রকল্পে ৪ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে, যার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।
শুধু স্বাস্থ্যক্ষেত্রেই নয়, আগামী ২০৩৫ সালের মধ্যে বাংলায় সামগ্রিক পরিকাঠামো খাতে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করেছে আদানি গোষ্ঠী।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলায় এই বিপুল বিনিয়োগের জন্য আদানি গোষ্ঠীকে স্বাগত জানান। বিজেপি সরকারের নেতৃত্বে রাজ্যের সার্বিক পুনর্নিমাণের কর্মযজ্ঞে তাঁদের পাশে থাকার আহ্বান জানিয়ে রাজ্য সরকারের তরফ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।