বিশেষ প্রতিবেদক: রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পশ্চিমি দুনিয়ার চরম দ্বিচারিতা ও কপটতার কড়া সমালোচনা করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও তাদের নিরঙ্কুশ দায়মুক্তি এবং অন্যদিকে ইরানের ওপর লাগাতার নজরদারি ও নিষেধাজ্ঞার বৈপরীত্য তুলে ধরে তিনি বিশ্বমঞ্চে ক্ষোভ উগরে দেন। পেজেশকিয়ান স্পষ্ট জানান, পরমাণু বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করা ইসরায়েল গাজায় ৮০ হাজারেরও বেশি মানুষ হত্যা করার পরও বিনা বাধায় শত শত কোটি ডলারের অস্ত্র ও দায়মুক্তি পাচ্ছে। অথচ পরমাণু পরিদর্শকদের ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ইরান পরমাণু অস্ত্র চায় না, তবে চিকিৎসা, কৃষি ও শিল্পের স্বার্থে বিজ্ঞান এবং শান্তিপূর্ণ পরমাণু শক্তির অধিকার থেকে তারা কিছুতেই পিছু হটবে না।আরও পড়ুন:
আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ হিসেবে ছবি তুলে ধরে প্রেসিডেন্ট জানান, ইরান সন্ত্রাসবাদী নয়, বরং তারা মার্কিন-ইসরায়েলি সন্ত্রাসের শিকার। ৪০ দিন ব্যাপী আগ্রাসনের প্রথম দিনেই ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনেইয়ের গুপ্তহত্যা, মিনাবের ßুñলে হামলা এবং লামেরদে অত্যাধুনিক মার্কিন ক্লাস্টার বোমায় নারী, শিশু ও বিজ্ঞানীদের হত্যার নির্মম বিবরণ দেন তিনি। বিগত ২০০ বছরে ইরান কোনো যুদ্ধ শুরু করেনি জানিয়ে তিনি বলেন, ইরান আত্মরক্ষার্থে কড়া জবাব দিলেও ইসরায়েলের মতো কখনো সাধারণ নাগরিক বা পরিকাঠামোর ওপর হামলা চালায়নি।
হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট জানান, আত্মরক্ষার জন্য ইরান কারও অনুমতির তোয়াক্কা করে না এবং যুদ্ধ চাপিয়ে দিলে তারা পিছু হটবে না।আরও পড়ুন:
হরমুজ প্রণালী নিয়ে পশ্চিমি দেশগুলির ভণ্ডামির নিন্দা করে পেজেশকিয়ান জানান, যে জলপথ দিয়ে দেশ ধ্বংসের অস্ত্র ও বিস্ফোরক পরিবাহিত হয়, সেখানে উপকূলীয় রাষ্ট্রগুলির নিরাপত্তা বিঘ্নিত করে বহিরাগতদের নৌ-চলাচলের আধিপত্য মেনে নেওয়া হবে না। গাজা প্রসঙ্গে তিনি জানান, ফিলিস্তিনে ন্যায়বিচার ছাড়া পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি অসম্ভব এবং মানুষকে ভিটেমাটি ছাড়া করলে প্রতিরোধ চলবেই। সাধারণ মানুষকে লক্ষ্য করে চাপানো মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে অমানবিক আখ্যা দিয়ে তিনি বলেন, এই সংকট বহিরাগত শক্তির হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিকভাবেই মেটানো সম্ভব।