পুবের কলম ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের মহিলাদের ১০ হাজার মিটার দৌড়ে গত তিনটি আসরে ভারতের ঝুলিতে কোনও পদক আসেনি। অবশেষে বৃহস্পতিবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন সীমা কুমারি। ৩২ মিনিট ৫০.০৫ সেকেন্ড সময় নিয়ে তিনি ভারতের জন্য ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই ইভেন্টে প্রথম হয়ে সোনা জিতেছেন বাহরিনের উইনফ্রেড ইয়াভি এবং দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেয়েছেন জাপানের নোজোমি তানাকা। শেষ ল্যাপ পর্যন্ত প্রথম দুই প্রতিযোগীর সঙ্গে সমানে সমানে লড়াই চালিয়ে যান সীমা।
শেষ মুহূর্তে তানাকা ও ইয়াভি কিছুটা এগিয়ে গেলেও, পিছনের প্রতিযোগীদের চেয়ে অনেকটাই এগিয়ে থাকায় অনায়াসেই তৃতীয় স্থান নিশ্চিত করেন হিমাচল প্রদেশের এই কন্যা।এর আগে ২০১০ সালের এশিয়ান গেমসে এই ইভেন্টে পদক পেয়েছিল ভারত। সেবার প্রীজা শ্রীধরন সোনা এবং কবিতা রাউত রুপো জিতেছিলেন। তারপর থেকে চলা এই দীর্ঘ পদক খরা কাটালেন সীমা। উল্লেখ্য, সীমা শুধু ১০ হাজার মিটারেই নয়, ৫ হাজার মিটারেও দৌড়ান। এর আগে তিনি এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে সোনা, বিশ্ব ইউনিভার্সিটি গেমসে রুপো এবং চলতি বছর জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্সে সোনা জিতেছেন।
অন্যদিকে, ৪*৪০০ মিটার মিক্সড রিলেতে ভারতের সোনা জয়ের আশা থাকলেও শেষ পর্যন্ত রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়। পুভাম্মা রাজু, বিশাল থেন্নারাসু, মানু টিএস এবং বিত্যাকে নিয়ে গঠিত ভারতীয় দল ৩ মিনিট ১৪.৪৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে দৌড় শেষ করে। বিশাল ও পুভাম্মার দৌড়ের পর ভারত পদক জয়ের দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছিল। এরপর মানু সেই পরিস্থিতি ধরে রেখে ব্যাটন তুলে দেন বিত্যার হাতে। তখন ভারত ব্রোঞ্জ পাওয়ার মতো জায়গায় ছিল। কিন্তু শেষ ল্যাপে দুরন্ত চমক দেখান বিত্যা। ভিয়েতনামের প্রতিযোগীকে পিছনে ফেলে ভারতের রুপো জয় নিশ্চিত করেন তিনি।
এই জোড়া সাফল্যের পাশাপাশি পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টেও ভালো খবর এসেছে। সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের দুই দৌড়বিদ অনিমেষ কুজুর এবং গুরিন্দরবীর সিংহ। প্রথম হিটে ১০.৩৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে শেষ করে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছেন অনিমেষ। অন্যদিকে, চতুর্থ হিটে গুরিন্দরবীর সময় করেছেন ১০.৩৮ সেকেন্ড।