পুবের কলম, আদ্দিস আবাবা: ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদকে ক্ষমতাচ্যুত করে একটি অন্তর্র্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে ‘ইথিওপিয়ান পিপলস ফোর্সেস অ্যালায়েন্স ফর সারভাইভাল’ নামে নতুন সশস্ত্র জোট গড়েছে ৭টি বিদ্রোহী গোষ্ঠী। টিপিএলএফ (টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট), আমহারা ফানো ন্যাশনাল মুভমেন্ট এবং ওএলএ (ওরোমো লিবারেশন আর্মি)-এর মতো পরস্পরবিরোধী গোষ্ঠীগুলিকে নিয়ে গঠিত এই জোট ইথিওপিয়ার রাজনৈতিক ও সামরিক সমীকরণকে বদলে দিয়েছে। সংঘাত ইতিমধ্যেই চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার দক্ষিণ টিগ্রায়ের আলামাতায় ড্রোন হামলায় ১৪ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
পাশাপাশি, টিগ্রায়ান বাহিনী মেকেলে শহরের আলুলা আবা নেগা আন্তর্জাতিক বিমানবন্দর দখল করে নেওয়ায় সেখান থেকে সমস্ত উড়ান বন্ধ হয়ে গেছে।২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত চলা ভয়াবহ গৃহযুদ্ধে প্রায় ৬ লক্ষ মানুষের মৃত্যুর পর প্রিটোরিয়া চুক্তির মাধ্যমে টিপিএলএফ ও ফেডারেল সরকারের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু সেই চুক্তিতে ইরিত্রিয়া বা আমহারা বাহিনীকে না রাখায় এবং উর্বর পশ্চিম টিগ্রায়ের অধিকার নিয়ে বিবাদ অমীমাংসিত থাকায় নতুন করে এই বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে। গত মে মাসে টিপিএলএফ তাদের যুদ্ধপূর্ববর্তী আইন পরিষদ পুনরুদ্ধার করার পর আগস্ট মাস থেকে সুদান সীমান্তের কাছে ফেডারেল বাহিনীর সঙ্গে তাদের ফের সংঘর্ষ ও উপর্যুপরি ড্রোন হামলা শুরু হয়। আবি সরকারের দাবি, ইরিত্রিয়ার আর্থিক মদদেই এই জোট কাজ করছে, যদিও আসমারা তা অস্বীকার করেছে।
তবে এই নয়া বিদ্রোহী জোটের একতা ও কার্যকারিতা নিয়ে বিশ্লেষকদের মনে গভীর সংশয় রয়েছে। অসলো নিউ ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক কেতিল ত্রনভোল এবং রাজনৈতিক নেতা জাওয়ার মুহম্মদের মতে, এই সাতটি গোষ্ঠীর মধ্যে কোনো অভিন্ন রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য নেই। অতীতে আমহারা ফানো এবং টিগ্রায় বা ওরোমোদের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই জোট যদি রাজধানী আদ্দিস আবাবাতে পৌঁছাতে সক্ষমও হয়, ক্ষমতার লোভে এদের নিজেদের মধ্যেই তৎক্ষণাৎ নতুন করে যুদ্ধ শুরু হবে। এদিকে, সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় এবং জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগের ভয়ে টিগ্রায় থেকে হাজার হাজার মানুষ এলাকা ছাড়ছেন।
প্রধানমন্ত্রী আবি আহমেদ আপাতত ড্রোন হামলা ও অবরোধের মাধ্যমে ‘লো-লেভেল’ সংঘাত বজায় রাখার কৌশল নিলেও, এই পরিস্থিতি ক্রমশ আঞ্চলিক ভূ-রাজনৈতিক রূপ নিচ্ছে। লোহিত সাগরে ইথিওপিয়ার অধিকার দাবির জেরে ক্ষুব্ধ ইরিত্রিয়া এখন তাদের প্রাক্তন শত্রু টিপিএলএফ-এর দিকে ঝুঁকছে। এছাড়া প্রতিবেশী সুদান ও মিশরের সমীকরণও এই সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ছে। টিগ্রায়ের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বেতন ও ওষুধ ছাড়া এক অনিশ্চিত আবহে দিন কাটাচ্ছেন, যেখানে এই নতুন সশস্ত্র জোট তাদের সামনে শান্তির বদলে আরও এক দীর্ঘমেয়াদি যুদ্ধের অশনিসংকেত নিয়ে এসেছে।