পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের একের পর এক রাস্তায় নারীদের শ্লীলতাহানি ও হেনস্থার কদর্য ছবি প্রকাশ্যে আসা অব্যাহত রয়েছে। জমুই ও সমস্তিপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যটির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বাঁকা জেলার মান্দার হিল থেকে সামনে এলো এমনই এক ঘৃণ্য ঘটনা। এক তরুণীকে ঘিরে ধরে বখাটেদের চরম বিশৃঙ্খলা তৈরি ও চপ্পল দিয়ে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।

ঘটনাটি গত ৩ সেপ্টেম্বরের হলেও সম্প্রতি এর ভিডিও প্রকাশ্যে আসে।

গত ২২ সেপ্টেম্বর পুলিশের সোশাল মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নজরে আসার পরেই বাউনসি থানার পুলিশ তদন্তে নামে এবং ৬ জন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাউনসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঙ্কজ কুমার ঝায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে ভাইরাল ভিডিওটি আসে। এরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানটির সত্যতা যাচাই করে। ভিডিওতে দেখা যায়, ছয়জন যুবক মিলে ওই তরুণীর সঙ্গে অত্যন্ত অশালীন ও আপত্তিজনক আচরণ করছে এবং তাঁকে চপ্পল দিয়ে আঘাত করছে।

পুলিশ জানিয়েছে, ভিডিওর ভিত্তিতে চিহ্নিত করে ৬ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত ও নির্যাতিতা—উভয় পক্ষকেই শনাক্ত করার চেষ্টা চলছে। মূল অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করতে ভাইরাল ভিডিওটিকে আদালতের জন্য অন্যতম প্রধান তথ্যপ্রমাণ হিসেবে অন্তর্ভুক্ত করেছে পুলিশ। বাঁকার এই ঘটনা রাজ্যটির পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল। উল্লেখ্য, গত কয়েক দিনে বিহার থেকে পর পর তিনটি একই ধরনের ভিডিও প্রকাশ পেয়েছে।