পুবের কলম ওয়েব ডেস্ক: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এবার বড়সড় সাফল্য পেল সিবিআই। বৃহস্পতিবার দুবাই থেকে ভারতে ফেরার পর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বেটিং চক্রের অন্যতম মূল পাণ্ডা অভিষেক কুমারকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গ্রেপ্তারের পর অভিষেককে ট্রানজিট রিমান্ডে ছত্তিশগড়ের রায়পুরে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
তদন্তকারীদের দাবি, অনলাইনে বেআইনি বাজি ও জুয়া পরিচালনার ক্ষেত্রে অভিষেকের অত্যন্ত সক্রিয় ভূমিকা ছিল। বাজি ধরার বিভিন্ন প্যানেলগুলির মধ্যে সমন্বয় রক্ষা করা এবং টাকা তোলার কাজ করতেন তিনি। এই প্রতারণার বিপুল টাকায় দুবাইয়ে তিনি প্রচুর সম্পত্তি কিনেছেন বলেও অভিযোগ। এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত সৌরভ চন্দ্রকর এবং শুভম সোনির সঙ্গে অভিষেকের সরাসরি যোগসাজশ মিলেছে।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবার মহাদেব বেটিং অ্যাপের জালিয়াতি প্রকাশ্যে আসে। মূলত দুবাই থেকে পরিচালিত এই মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন খেলার সময় বেআইনিভাবে প্রচুর কালো টাকার লেনদেন চলত। এই বড়সড় আর্থিক প্রতারণা চক্রে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের পাশাপাশি রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, তামান্না ভাটিয়া, হুমা কুরেশি ও হিনা খানের মতো একাধিক প্রথম সারির বলিউড তারকাদের নাম জড়ায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইতিমধ্যেই অনেককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। এবার এই চক্রের অন্যতম প্রধান মাথা অভিষেকের গ্রেপ্তারি তদন্তে নতুন তথ্য তুলে আনবে বলে মনে করা হচ্ছে।