পুবের কলম ওয়েব ডেস্কঃ দ্বিতীয় দফার ভোটের আগে ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে এখনও অনেকের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ রয়েছে। এই আবহেই নদীয়ার কালীগঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে সভা থেকে বিষয়টি নিয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ। পলাশীর সভায় বিজেপি প্রার্থী বাপন ঘোষের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বহু মানুষ কষ্ট করে ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন। তাঁর কথায়,  ভোটাধিকার প্রয়োগ না করলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে এবং নাম বাদ পড়ার আশঙ্কাও রয়েছে।

তাই তিনি সকলকে নিজেদের ভোট নিজে দেওয়ার আহ্বান জানান এবং বিজেপিকে সমর্থনের আবেদন করেন। একইসঙ্গে তিনি দাবি করেন,  কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটগ্রহণে নিরাপত্তা থাকবে এবং মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন।

সভা থেকে তিনি আরও বলেন,  প্রচারের সময় প্রায় শেষের দিকে এবং ভোটের দিনই হবে সরকার পরিবর্তনের দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর বক্তব্য উল্লেখ করে তিনি দাবি করেন, ইতিমধ্যেই বহু আসনে বিজেপি এগিয়ে রয়েছে এবং আরও আসন জয়ের লক্ষ্য নেওয়া হয়েছে।

ভোটারদের নির্দিষ্ট দিনে সকালেই ভোটকেন্দ্রে গিয়ে পদ্মচিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্যে উঠে আসে,  অতীতে ভোট দিতে গিয়ে মানুষকে ভয় দেখানো হত,  তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। পাশাপাশি তিনি প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন,  পলাশীর মানুষ ঐতিহাসিকভাবে একসঙ্গে থেকেছে। তাঁর দাবি,  রাজ্যে সব সম্প্রদায়ের মানুষই সমস্যার মুখে পড়ছেন এবং আইন মেনে চললে সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

কর্মসংস্থান ও চিকিৎসা পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য,  কাজের সন্ধানে রাজ্যের বাইরে যেতে হচ্ছে যুবসমাজকে,  আবার উন্নত চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে বহু মানুষকে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রেও নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন তিনি। এই পরিস্থিতির পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সুযোগ পেলে রাজ্যে উন্নয়ন ঘটিয়ে কর্মসংস্থান তৈরি করা হবে এবং মানুষ নিজেদের রাজ্যেই থেকে জীবনযাপন করতে পারবেন।