উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : চোখ আমাদের অমূল্য সম্পদ। তাই চোখের সুস্থতা ও দৃষ্টিশক্তি রক্ষার দায়িত্বও আমাদের প্রত্যেকের। সেই লক্ষ্যেই জয়নগরে নিয়মিতভাবে চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে আইমাট অপটিক্যাল। প্রতিষ্ঠানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার আয়োজন করা হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি পরীক্ষা শিবিরের।

এদিনের শিবিরে জয়নগর মজিলপুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হন। শিবিরে তাঁদের চোখ পরীক্ষা করা হয় এবং চোখের বিভিন্ন সমস্যা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে ছানি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখার ব্যবস্থা করা হয়েছিল।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনেক সময় চোখের ছোটখাটো সমস্যা অবহেলা করতে করতে তা পরবর্তীতে জটিল আকার ধারণ করে।
নিয়মিত চোখ পরীক্ষা করানো এবং প্রাথমিক পর্যায়েই সমস্যা শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা সম্ভব।সেই সচেতনতা বাড়াতেই প্রতিষ্ঠানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এই বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন।আইমাট অপটিক্যালের পাঁচ বছরের পথচলায় এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় মানুষের কাছে প্রতিষ্ঠানের পরিষেবাকে আরও কাছের করে তুলেছে। শিবিরে আসা সাধারণ মানুষও বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।