রিয়াদ, ২৪ সেপ্টেম্বর: শিল্প ও পেশাদার পরিষেবায় হিউম্যানয়েড রোবটের ব্যবহার দ্রুত বাড়ছে বিশ্বজুড়ে। ২০২৫ সালে বিভিন্ন দেশে প্রায় ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি হয়েছে বলে আন্তর্জাতিক রোবোটিক্স ফেডারেশন (আইএফআর)-এর তথ্য উদ্ধৃত করে জানিয়েছে সউদি প্রেস এজেন্সি (এসপিএ)। আগামী বছরগুলিতে এই প্রযুক্তির ব্যবহার আরও দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। এই বৈশ্বিক প্রবণতার মধ্যেই হিউম্যানয়েড রোবট ব্যবহারে বড়সড় পরিকল্পনা নিয়েছে সউদি আরব।
রিয়াদে চালু হয়েছে ‘হিউম্যানয়েড লাউঞ্জ’ নামে একটি বিশেষ শোরুম। সেখানে রোবটের সরাসরি প্রদর্শন, কর্মশালা এবং দর্শকদের সঙ্গে রোবটের মিথস্ক্রিয়ার সুযোগ থাকছে।ব্রিটেনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স সংস্থা হিউম্যানয়েড এবং সউদি সংস্থা কিউএসএস. এআই অ্যান্ড রোবোটিক্স-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই কেন্দ্র। অংশীদারিত্বের আওতায় আগামী পাঁচ বছরে সউদি আরবের বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য সর্বোচ্চ ১০ হাজার হিউম্যানয়েড রোবটের প্রি-অর্ডারের কাঠামো তৈরি হয়েছে। রিয়াদ রোবোটিক্স ফ্যাক্টরিতে এগুলির স্থানীয় সংযোজনের দায়িত্বে থাকবে কিউএসএস। উৎপাদন, লজিস্টিক্স, জ্বালানি, খুচরো ব্যবসা ও সরকারি পরিকাঠামো;একাধিক ক্ষেত্রে এই রোবট ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
সৌদি আরবে ২০২৩ সালের শুরুতে প্রথম দেশীয় হিউম্যানয়েড রোবট ‘সারা’ আত্মপ্রকাশ করে। পরে ‘মোহাম্মদ’ ও ‘সউদ’ নামের আরও দুটি রোবট তৈরি হয়েছে। আইএফআর-এর হিসাবে, ২০২৪ সালে বিশ্বে প্রায় ৫.৪২ লক্ষ প্রচলিত শিল্প রোবট এবং আনুমানিক ১.৯৯ লক্ষ পরিষেবা রোবট বিক্রি হয়েছিল। তবে সংস্থাটির মতে, মোট রোবটের তুলনায় হিউম্যানয়েড রোবটের অংশ এখনও তুলনামূলকভাবে ছোট।