পুবের কলম ওয়েবডেস্ক, জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে উঠতেই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিভিন্ন দেশের একাধিক প্রতিনিধি।

 বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে এ ঘটনা ঘটে। একই সময়ে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে কয়েক শ মানুষ বিক্ষোভ করেন। তাঁদের কয়েকজনকে আটক করেছে পুলিশ।


নেতানিয়াহু মঞ্চে ওঠার সময় কক্ষের ভেতর থেকেও তাঁকে উদ্দেশ করে দুয়ো দেওয়া হয়। তবে তাঁর নিজের প্রতিনিধিদল দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানায়। পরিস্থিতি শান্ত রাখতে অধিবেশনের সভাপতি বারবার সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান।


ভাষণে নেতানিয়াহু তাঁর বিরোধীদের আক্রমণ করে বলেন, যারা তাঁর বক্তব্য শুনতে চান না, তাঁদের কক্ষ ছেড়ে চলে যাওয়া উচিত।

ফিলিস্তিনের পক্ষ থেকে অন্য দেশগুলোর কাছে যৌথভাবে তাঁর ভাষণ বর্জনের আহ্বান জানানো হয়েছিল।


বাইরের বিক্ষোভে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, গাজাকে বাঁচতে দিন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। নেতানিয়াহু একই ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। তবে এবারের সফরে ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো বৈঠক হয়নি। ভাষণে ইরান, ব্রিটেন ও ফ্রান্সেরও সমালোচনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।