পুবের কলম ওয়েব ডেস্কঃ নতুন তৃণমূলে যোগ দেওয়ার যাবতীয় সম্ভাবনাকে কার্যত উড়িয়ে দিয়েছেন ঘাটালের সাংসদ দেব। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন। সাংসদ দেব স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি নতুন তৃণমূলে যোগ দিচ্ছেন না এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি তাঁর সঙ্গেই থাকবেন।
আরও পড়ুন:
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে দেব বলেন, আমার ভালবাসা সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অটুট থাকবে। আমি নতুন কোনো তৃণমূলে যাচ্ছি না।
যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন, আমি তাঁর সঙ্গেই আছি। যদিও নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে সাংসদ দেব কিছুটা সতর্ক থেকেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ঠিক কী ঘটবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, ততদিন তিনি তাঁর পাশেই থাকবেন বলে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।আরও পড়ুন:
সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এদিনের মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গে সাংসদ দেব বলেন, ঘাটালের সাংসদ হিসেবেই তিনি এই প্রশাসনিক সভায় যোগদান করেছেন।
তাঁর কথায়, যারা ভোট দিয়ে তাঁকে জিতিয়েছেন, তারা যেন কোনোভাবেই মনে না করেন যে তিনি ভুল মানুষকে ভোট দিয়ে জিতিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ঘাটালের সাধারণ মানুষের ন্যায্য অধিকার এবং এলাকার সামগ্রিক উন্নয়নের দাবি নিয়েই তিনি এই বৈঠকে যোগ দিয়েছেন।আরও পড়ুন:
মঙ্গলবারের এই প্রশাসনিক বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান সাংসদ দেব। প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে স্বপ্নের প্রকল্পের কাজ শুরু হয়েছিল, তা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এবার সফলভাবে সম্পন্ন হবে বলেই তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী এ বিষয়ে তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও তিনি জানান।
আরও পড়ুন:
সাংসদের কথায়, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের সবচেয়ে বড় কষ্টের কারণ হলো বন্যা। এই বন্যার স্থায়ী সমাধানই হলো ঘাটাল মাস্টার প্ল্যান, যার জন্য ২০১৪ সাল থেকে লড়াই চলছে। ২০২৪ সালে ভোটে তিনি যে প্রথমে দাঁড়াতে চাননি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁকে প্রতিশ্রুতি দিয়ে রাজি করিয়েছিলেন, সেই পুরনো কথাও স্মরণ করেন সাংসদ দেব। সৌজন্যের রাজনীতির বার্তা দিয়ে তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তা অস্বীকার করার কোনো উপায় নেই। মুখ্যমন্ত্রীও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এদিন জানিয়েছেন যে, সাংসদ দেব এ বিষয়ে কথা বলেছেন এবং এটি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেও ছিল, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।