পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের নালন্দা জেলায় অবস্থিত শীতলা মন্দিরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত ৮ জন মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার, চৈত্র মাসের বিশেষ পূজার দিনে মন্দিরে কয়েকশো ভক্তের সমাগম হয়েছিল। প্রতি মঙ্গলবারই এখানে ভিড় হয়, তবে এদিন অস্বাভাবিক ভিড়ের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ভিড় এবং হঠাৎ সৃষ্টি হওয়া বিশৃঙ্খলাই এই দুর্ঘটনার মূল কারণ। তবে ঠিক কী কারণে হুড়োহুড়ি শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।