পুবের কলম ওয়েবডেস্কঃ লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে  পদপিষ্ট   হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। লাইবেরিয়ার তথ্যমন্ত্রী জালাওয়াহ তনপো জানান– রাজধানীর অদূরে নিউ  ক্রুটাউনে   প্রার্থনা চলাকালে এ ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন– কয়েক জনের অবস্থা গুরুতর। স্থানীয় বাসিন্দা এক্সোডাস মরিয়াস জানান– এক দল সশস্ত্র ব্যক্তি ভীড়ের মধ্যে ডাকাতির জন্য হামলা চালায়।

ঠিক তখনই পদদলনের ঘটনা ঘটে। তিনি বলেন– ‘আমরা দেখলাম একদল লোক ছুরি ও  অন্যান্য অস্ত্র নিয়ে ভিড়ের দিকে আসছে। দৌড়ানোর সময় কিছু লোক  ছিটকে পড়ে এবং অন্যরা মাটিতে তাদের ওপর দিয়ে চলে যায় ।’ জানা গিয়েছে– ব্যান্ডস অব লাইবেরিয়ান নামে পরিচিত এক দল দস্যু ধারালো অস্ত্র নিয়ে লাইবেরিয়ায় এ ধরনের হামলা চালিয়ে থাকে। এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।