পুবের কলম, ওয়েবডেস্ক: রাজনৈতিক পালাবদলের পরেই নবান্নের অন্দরে শুরু হয়েছে বড়সড় রদবদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত দুই প্রাক্তন মুখ্যসচিব— আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী তাঁদের বিশেষ উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, একই পথে হেঁটে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ ছেড়েছেন প্রাক্তন আমলা মনোজ পন্থও। যদিও নবান্নের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

প্রাক্তন এই দুই মুখ্যসচিব অবসর নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বিশেষ মর্যাদা দিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত করেছিলেন। তাঁদের পদমর্যাদা ছিল কার্যত প্রধান সচিবের সমতুল্য। সরকার এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে তাঁদের ভূমিকা ছিল অনস্বীকার্য। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে তাঁদের এই পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শুধুমাত্র শীর্ষ উপদেষ্টাই নন, নবান্নের নির্দেশে সরিয়ে দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত আমলাদেরও যারা বর্তমানে 'অফিসার অন স্পেশাল ডিউটি' (OSD) পদে কর্মরত। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা বিভিন্ন দপ্তরের সচিবদের এই মর্মে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। যে সমস্ত অফিসাররা অবসরের পর চুক্তিভিত্তিতে ওএসডি পদে রয়েছেন, তাঁদের দ্রুত অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের দাবি, মঙ্গলবারই একাধিক ওএসডি পদমর্যাদার অফিসার তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।