দল থেকে বহিষ্কৃত হওয়ার একদিনের মধ্যেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া তৃণমূল কংগ্রেস এখন আর আগের অবস্থায় নেই, বরং একটি সংস্থার দ্বারা ‘হাইজ্যাকড’ হয়ে গিয়েছে।
সোমবার দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল। তারপর থেকেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন দুই বিধায়ক।
আরও পড়ুন:
মঙ্গলবার ঋতব্রত সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।
তিনি কটাক্ষ করে বলেন, জনতার সমর্থনের দাবি করা হলেও কেন্দ্রীয় নিরাপত্তা চাওয়ার প্রয়োজন কেন হচ্ছে, সেই প্রশ্নের উত্তর দেওয়া উচিত।এছাড়া তিনি উলুবেড়িয়া পুরসভায় দুর্নীতির অভিযোগও তোলেন। তাঁর দাবি, বিষয়টি নিয়ে তিনি বহুবার সংশ্লিষ্ট মহলকে জানিয়েছিলেন। এমনকি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কাছেও অভিযোগ করেছিলেন। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ হয়নি বলে অভিযোগ তাঁর। ঋতব্রতের দাবি, দল ও সরকারের মধ্যে একটি বড়সড় প্রভাবশালী চক্র কাজ করত, যার তদন্ত হওয়া প্রয়োজন।
তবে দলের মধ্যে তাঁর সমর্থনে বড় কোনও গোষ্ঠী তৈরি হয়েছে কি না, সেই প্রশ্নে সতর্ক অবস্থান নেন ঋতব্রত। তিনি জানান, আপাতত তিনি এবং সন্দীপন সাহা নিজেদের অবস্থান নিয়েই কথা বলছেন, অন্য কারও দায়িত্ব তিনি নিচ্ছেন না।
আরও পড়ুন:
এদিকে প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায়ও এদিন তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন। তাঁর দাবি, দল কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এবং এই পরিস্থিতি অনেকদিন ধরেই তৈরি হচ্ছিল।
ঋতব্রতের এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।