রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। এর মাঝেই প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য,বাংলাজুড়ে ১০ লক্ষেরও বেশি ভোটারের ইনিউমারেশন ফর্ম আদৌ বিলি করা হয়নি, অথচ বিএলও অ্যাপে সেগুলিকে ‘বিলি হয়েছে’ বলে দেখানো হয়েছে। কমিশনের অন্দরমহল থেকেই এমন নির্দেশ এসেছে বলেই সূত্রের দাবি।
বিধি অনুযায়ী, কোনও ভোটারের খোঁজ না মিললে বিএলওদের তিনবার বাড়ি গিয়ে চেষ্টা করার কথা ছিল। কিন্তু বহু বুথে শতাধিক ভোটারের ফর্ম বিলি না করে পড়ে আছে বলে অভিযোগ। ইতিমধ্যে ৬ কোটির বেশি ফর্ম ডিজিটাইজড হলেও প্রায় ২৮ লক্ষ ভোটারের তথ্য ২০০২–২০২৫ তালিকার ম্যাপিংয়ে মিলছে না,যাঁদের নাম খসড়া তালিকা থেকে বাদ যাওয়া প্রায় নিশ্চিত।
এখন সেই তালিকায় আরও ১০ লক্ষাধিক ভোটার যুক্ত হতে চলেছে। বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে,এই সব ফর্ম ৪ ডিসেম্বরের পর ইআরওদের কাছে জমা দিয়ে অ্যাপে ‘আনকালেকটেবল’ দেখাতে হবে।



























