পুবের কলম,ওয়েবডেস্ক:ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের। জানা গেছে, দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ৩ দিনমজুরের। মৃতদের নাম, গোকুল মন্ডল(৪৪), শুভঙ্কর  রায়(৩১) এবং ইসরাইল শেখ(৩৩)। সামশেরগঞ্জ এবং ফারাক্কার বাসিন্দা তাঁরা।
মৃতদের মধ্যে ইসরাইল সেখের বাড়ী ফরাক্কা থানার ইমামনগর গ্রামে। গোকুল মন্ডলের বাড়ি সামশেরগঞ্জের ধূলিয়ানে। শুভঙ্করের বাড়ি ধূলিয়ানের ১৬ নম্বর ওয়ার্ডের বেতবোনা গ্রামে।

পুলিশ সূত্রে খবর, কাজের খোঁজে গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই ৩ জন।
পেয়েও গিয়ছিল কাজ। নিত্য দিনের মতো এদিনও কাজ করছিলেন তাঁরা। সে সময়ই অসাবধানবশত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অচৈতন্য হয়ে পড়েন। এরপর স্থানীয়রা তাঁদের তড়িঘড়ি করে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তারপরেও শেষরক্ষা হয়নি তাঁদের। সংশ্লিষ্ট ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবার।  পরিবারের একমাত্র উপার্জনকারীদের হারিয়ে শোকাতুর আত্মীয়-স্বজনরা। শনিবার সকাল থেকেই মৃত পরিবারগুলোতে ভিড় জমান স্থানীয় মানুষজন।

সূত্রের খবর, দিল্লির হাসপাতালে ময়নাতদন্তের পরেই দেহ বাড়ি নিয়ে  আসা হবে। এদিকে বিষয়টি শুনে এগিয়ে এসেছেন  ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান। ওই পরিবার গুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।