পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় সরকারি পোলট্রি ফার্মে থাবা বসাল বার্ড ফ্লু। গত কয়েক দিনে বিলাসপুরের কোনি এলাকায় অবস্থিত রাজ্য সরকারের একটি খামারে সাড়ে চার হাজারেরও বেশি মুরগির মৃত্যু হয়েছে। এই ঘটনার পর জেলাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তড়িঘড়ি ওই এলাকাকে ‘সংক্রামিত জ়োন’ ঘোষণা করে কড়া পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।


 
ভেটেরিনারি দপ্তরের জয়েন্ট ডিরেক্টর ডক্টর জিএস তানোয়ার জানিয়েছেন, গত ১৯ মার্চ থেকে ২৪ মার্চের মধ্যে ওই সরকারি ফার্মে মড়ক দেখা দেয়। মাত্র পাঁচ দিনের ব্যবধানে ৪,৫০০-এর বেশি মুরগি মারা গিয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুর ধরন দেখে প্রাথমিকভাবে বার্ড ফ্লু বা ‘অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা’র আশঙ্কা করা হচ্ছে। মৃত মুরগিগুলোর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সংক্রমণের প্রকৃত কারণ নিশ্চিত করতে ওই নমুনাগুলো ভোপাল এবং পুণের উচ্চমানের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পরেই নিশ্চিত হওয়া যাবে যে এটি বার্ড ফ্লু কি না। তবে রিপোর্ট আসার আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিলাসপুর জেলা প্রশাসন নির্দিষ্ট প্রোটোকল মেনে কাজ শুরু করেছে। ওই সরকারি খামারের ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সমস্ত পোলট্রি ফার্মকে ‘সংক্রামিত জ়োন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য ওই খামারের ১০ কিলোমিটার ব্যাসার্ধের এলাকাকে ‘সার্ভেইল্যান্স জ়োন’ বা কড়া নজরদারির আওতায় আনা হয়েছে।