পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী সপ্তাহে সোমবার থেকে শুরু হতে চলা সংসদের তিন দিনের বিশেষ অধিবেশনে নজর রয়েছে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলের ওপর। এনডিএ সরকার এই বিলগুলি পাশ করাতে মরিয়া, আর তার বিরোধিতায় এখন থেকেই অঙ্ক কষছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে দলীয় অবস্থান স্পষ্ট করতে এবং বিলের বিরোধিতায় সকল সাংসদকে উপস্থিত রাখার লক্ষ্যে শনিবার তিন লাইনের হুইপ জারি করলেন লোকসভায় মমতা শিবিরের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড থাকায় অভিষেকই এই হুইপ জারি করেছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া ২০ জন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা ৮ জন—মোট ২৮ জনকেই নিজেদের শক্তি হিসেবে গণ্য করছে কালীঘাট শিবির।


শনিবার জারি করা ওই হুইপে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে উপস্থিত থাকতে হবে এবং কোনও কারণেই অনুপস্থিতি গ্রহণযোগ্য নয়। বিশেষ অধিবেশনের এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দলীয় লাইন মেনে এবং তাকে সমর্থন করতে সংসদে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এই হুইপ ২৮ জন ‘তৃণমূল’ সাংসদের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ, দলত্যাগী কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা এখনও ‘এনসিপিআই’ হিসেবে আলাদা স্বীকৃতি পাননি। ফলে খাতায়-কলমে তাঁরা এখনও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসেরই সাংসদ।
এই অবস্থায় অভিষেকের হুইপ অমান্য করলে দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
অন্যদিকে, শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলত্যাগী তথা এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন যে, তিনি মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানাবেন। শতাব্দীর মতো অন্যান্য দলত্যাগী সাংসদরাও দুই বিলেই এনডিএ-কে সমর্থন জানাতে পারেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে রয়েছেন মাত্র ৮ জন সাংসদ, যাঁদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহা অন্যতম। তবে রাজনৈতিক মহলের ধারণা, অভিষেকের এই পদক্ষেপের পালটা হিসেবে এনসিপিআই-ও নিজেদের সদস্যদের জন্য আলাদা করে হুইপ জারি করতে পারে।