পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ টানাপোড়েন ও সামরিক সংঘাতের আবহের মাঝেই এবার ভারতে আসছেন পাকিস্তানের এক মন্ত্রী। আগামী ২০ নভেম্বর থেকে নয়াদিল্লিতে শুরু হতে চলেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) তিন দিনের ‘সিভিলাইজেশন ডায়লগ’। শনিবার পাক বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সদস্য রাষ্ট্র হিসেবে ওই সম্মেলনে যোগ দিতে সে দেশের জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিককে দিল্লিতে পাঠাচ্ছে ইসলামাবাদ।
গত বছর মে মাসে পহেলগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারতীয় সেনা। সেই সময় পাক বাহিনীর সঙ্গেও ভারতের চার দিনের জোরদার সামরিক সংঘাত হয়।

ভারতের ওই অভিযানের পর এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রী ভারতে পা রাখতে চলেছেন। এর আগে ২০২৩ সালের মে মাসে গোয়ায় এসসিও-র বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
গত ২৮ অক্টোবর ভারতের তরফে প্রথা মেনে এসসিও-র সমস্ত সদস্য রাষ্ট্রকে এই বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দুই দেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান প্রতিনিধি পাঠাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। শনিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে পাক বিদেশ মন্ত্রক জানায়, এসসিও-র ব্যবস্থাপনায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
শাহবাজ শরিফ মন্ত্রিসভার অন্যতম চর্চিত মুখ এবং পাক সংবাদমাধ্যমের পরিচিত মুখ মুসাদ্দিক মাসুদ মালিক এই সম্মেলনেই দেশের প্রতিনিধিত্ব করবেন।
উল্লেখ্য, সীমান্তপারের সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বরাবরই পাকিস্তানকে তুলোধনা করেছে ভারত। গত সেপ্টেম্বর মাসেও এসসিও সম্মেলন থেকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া ভাষায় জানিয়েছিলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় কোনও দ্বিচারিতার স্থান নেই। এই কূটনৈতিক উত্তেজনার মাঝেই দশ দেশের এই জোটের আগামী শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে গত মাসে ভারতের জাতীয় সমন্বয়ক অলোক ডিমরীকে ইসলামাবাদে পাঠানো হয়েছিল। এবার সেই আবহেই এসসিও-র কর্মসূচিতে নিজেদের প্রতিনিধি দিল্লিতে পাঠাচ্ছে পাকিস্তান।