পুবের কলম, ভোপাল: কৃষকরা বছরে মাত্র তিন মাস কঠোর পরিশ্রম করেন এবং বাকি নয় মাস তাস খেলে, তামাক ও মদ্যপান করে সময় কাটান—এমন বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়লেন মধ্যপ্রদেশের রেওয়া কেন্দ্রের বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। দেশজুড়ে তীব্র নিন্দা ও রাজনৈতিক চাপের মুখে পড়ে বুধবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। তবে সাংসদের ক্ষমা চাওয়ার পরেও থামছে না বিতর্ক। তাঁর লোকসভা থেকে পদত্যাগ, দল থেকে বহিষ্কার এবং পুলিশি পদক্ষেপের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার মৌগঞ্জে গোবর্ধন পুজোর একটি অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে কথোপকথনের সময় এই মন্তব্য করেছিলেন জনার্দন মিশ্র, যা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শোরগোল পড়ে যায়।আরও পড়ুন:
বিতর্ক তুঙ্গে ওঠার পর বুধবার এক বিবৃতিতে জনার্দন মিশ্র জানান, মৌগঞ্জের ওই অনুষ্ঠানে কৃষকদের সমস্যার কথা আলোচনা করার সময় অসাবধানতাবশত তাঁর মুখ থেকে ওই কথা বেরিয়ে গিয়েছিল। কৃষক সমাজকে অপমান করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। পদ্ম সাংসদ বলেন, তিনি নিজেও একটি কৃষক পরিবারের সন্তান এবং চাষিদের কষ্ট ও সংগ্রাম তিনি খুব ভালোভাবেই বোঝেন।
তাঁর বক্তব্যকে বিকৃত করে পেশ করা হয়েছে। কৃষকদের বিকল্প আয়ের উৎস হিসেবে দুগ্ধ উৎপাদন এবং পশুপালনে উৎসাহিত করার উদ্দেশ্যেই তিনি ওই কথা বলেছিলেন। তবে তাঁর কথায় কৃষকদের ভাবাবেগে আঘাত লেগেছে তা স্বীকার করে নিয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।আরও পড়ুন:
সাংসদ ক্ষমা চাইলেও এই ইস্যুতে বিজেপিকে ছাড়তে নারাজ কংগ্রেস। বুধবার সাংসদের বিরুদ্ধে প্রচার আরও তীব্র করেছে হাত শিবির। মধ্যপ্রদেশ কিষান কংগ্রেসের সভাপতি ধর্মেন্দ্র সিং চৌহান অবিলম্বে জনার্দন মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি লোকসভা থেকে তাঁর পদত্যাগ এবং বিজেপি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।