পুবের কলম, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে তাঁর ফোনে নজরদারি করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পাশাপাশি, প্রধানমন্ত্রীকে ফের একবার মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাহুল বলেছেন, ওই বিতর্কই নরেন্দ্র মোদির রাজনৈতিক জীবনের ইতি ঘটিয়ে দেবে। ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিওতে রাহুল গান্ধিকে নিজের মোবাইল ফোনটি উঁচুতে ধরে বলতে শোনা যায়, “প্রমাণ এখানেই রয়েছে, এই ফোনের মধ্যেই আছে।

”
 
ভিডিওটিতে প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধি বলেন, “প্রধানমন্ত্রী (মোদি) এটি জানেন, কারণ তিনি নিজে আমার ফোন ট্যাপ করান। যেদিন তিনি মুখোমুখি বিতর্কে অংশ নিতে আসবেন, সেদিনই সবার সামনে পরিষ্কার হয়ে যাবে আসলে কে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং কে দেশবিরোধী। কবে থেকে তিনি দেশবিরোধী কাজ করছেন এবং আমার ফোনে থাকা এমন অনেক বিবরণ সেদিন প্রকাশ্যে আসবে।”
 
দিল্লির ও জাতীয় রাজধানী অঞ্চলের ক্রমবর্ধমান বায়ু দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধে রাহুল বলেন, “যদি উনি (প্রধানমন্ত্রী মোদি) বিতর্কে অংশ নিতে আসেন, তবে তাঁকে তাঁর ‘এয়ার কেম্বার’ বা শীতাতপ নিয়ন্ত্রিত সুরক্ষিত পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষ যে বাতাসে নিঃশ্বাস নেন, সেই একই বাতাসে শ্বাস নিতে হবে।”