পুবের কলম ওয়েব ডেস্ক: সরকারি কাজে গতি আনতে এবং নির্দিষ্ট সময়ে পরিষেবা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ করল নবান্ন। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে এবং অযথা ফাইল আটকে রাখলে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের শোকজের মুখে পড়তে হবে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩ অনুযায়ী সরকারি কর্মীদের সতর্ক করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কাজে বিলম্ব হলে কোনও অজুহাতই গ্রাহ্য করা হবে না।

নতুন নিয়মে দপ্তরের প্রধানদের পূর্ণ অধিকার দেওয়া হয়েছে যাতে তাঁরা দায়িত্বপ্রাপ্ত কর্মীদের শোকজ করতে পারেন। শোকজের চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে, এরপর উপযুক্ত ব্যবস্থা নেবে সরকার। প্রতি মাসের ১০ তারিখ এই কাজের পর্যালোচনা করা হবে এবং ডেডলাইন মিস হলে সার্ভিস রুল অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি কাজে অযথা বিলম্ব বা ‘লাল ফিতের ফাঁস’ এড়াতে বিগত কয়েক বছর ধরেই নানা নিয়ম চালু থাকলেও, নতুন সরকারের আমলে তা আরও কঠোর করা হল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বার্তা দিয়েছেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত দপ্তরের কাজ শেষ করতে হবে এবং কাজে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না, যাতে উন্নয়নের কাজ ব্যাহত না হয়। সেই বার্তাকেই কার্যকর করতে এই নতুন নির্দেশিকা আনা হল। মুখ্যসচিব জানিয়েছেন, সবকটি দপ্তরে যত দ্রুত সম্ভব এই নয়া নিয়ম চালু করতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, সরকারের এই কড়া দাওয়াইতে সরকারি দপ্তরগুলির দীর্ঘদিনের ‘গয়ংগচ্ছ’ মনোভাব অনেকটাই কেটে যাবে।