পুবের কলম, মালে: ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের ওপর এবার সম্পূর্ণ ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল মুইজ্জুর সরকার। আন্তর্জাতিক চাপ কিংবা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটলেও এই বিধিনিষেধ আর শিথিল করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দপ্তর থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই ঐতিহাসিক পদক্ষেপের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এর আগে গাজায় ইসরায়েলি সেনার আগ্রাসন ও অব্যাহত হামলায় আন্তর্জাতিক উদ্বেগের মুখে সাময়িকভাবে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল মালদ্বীপ সরকার।

তবে এবার সংসদীয় আইনের মাধ্যমে সেই সিদ্ধান্তকে স্থায়ী রূপ দিতে চলেছে মালে প্রশাসন।
 
প্রেসিডেন্ট কার্যালয় সূত্রের খবর, নতুন যে আইনটি কার্যকর হতে চলেছে, তার ধারা অত্যন্ত কঠোর। নতুন এই বিল অনুযায়ী, ইসরায়েলি নাগরিকত্বের পাশাপাশি যদি কোনো ব্যক্তির অন্য কোনো দেশের দ্বৈত নাগরিকত্ব বা দ্বিতীয় পাসপোর্টও থাকে, তাহলেও তিনি মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না। শুধু ভ্রমণ বা পর্যটনই নয়, স্থায়ী এই নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলি নাগরিকদের জন্য দেশটির যেকোনো ক্ষেত্রে বাণিজ্যিক বিনিয়োগ বা ব্যবসায়িক লেনদেনের পথও পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।