মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ হেরোইন। নিষিদ্ধ মাদক সঙ্গে রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪০ বছর বয়সি এক যুবককে। ধৃতের কাছ থেকে ৩২৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লক্ষ টাকা। এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ মাহফুজ আলম। তিনি লালগোলা থানার অন্তর্গত ময়া এলাকার বাসিন্দা। শনিবার গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে তেঁতুলিয়াপাড়া এলাকায় অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। সেখানেই সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে তাঁর কাছ থেকে ৩২৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

অভিযানে যুবকের ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া মাদকদ্রব্যও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে মাদকদ্রব্য সংক্রান্ত আইনের নির্দিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।