পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর হোশুরের কাছে একটি বেসরকারি কারখানায় বর্জ্য শোধনাগারের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৩ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার টাটা ইলেকট্রনিক্স-এর একটি উৎপাদন ইউনিটে এই দুর্ঘটনা ঘটে বলে মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে। নিহত তিন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত জেলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
কৃষ্ণগিরি জেলার রায়াকোট্টাই থানা সূত্রের খবর অনুযায়ী, মৃত তিন শ্রমিকের নাম যথাক্রমে শরৎ কুমার (২৫), আকমল বাবু (২৮) এবং কাবেরী (৩১)।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, কারখানার বর্জ্য জল সঞ্চয় করে রাখার ট্যাঙ্কটি পরিষ্কার করার সময় আচমকা নির্গত তীব্র বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে অসুস্থ হয়ে পড়েন ওই তিন শ্রমিক। মুহূর্তের মধ্যে ট্যাঙ্কের ভেতরেই জ্ঞান হারিয়ে গড়িয়ে পড়েন তাঁরা। সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
আরও পড়ুন:
এই মর্মান্তিক প্রাণহানির ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তামিলনাড়ুর শিল্পমন্ত্রী এস কীর্তনা।
এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, "হোশুরের কাছে টাটা ইলেকট্রনিক্সের ইউনিটে ৩ জন তরতাজা প্রাণ হারিয়ে যাওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।" শিল্পমন্ত্রী আরও বলেন, "প্রতিটি শ্রমিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করা আমাদের অগ্রাধিকার। এই মর্মান্তিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে।"আরও পড়ুন:
এদিকে ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য সংস্থা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাত্ক্ষণিকভাবে টাটা ইলেকট্রনিক্সের কোনো বক্তব্য পাওয়া যায়নি।