পুবের কলম ওয়েব ডেস্ক: সপ্তাহের প্রথম দিনেই বড়সড় বিপর্যয় উত্তর কলকাতার টালায়। সোমবার বেলার দিকে আচমকাই টালা ট্যাঙ্কের জল সরবরাহকারী পাইপ ফেটে গিয়ে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। রেললাইন জলে ডুবে যাওয়ায় টালায় চক্ররেল চলাচলও বন্ধ হয়ে যায় এবং ব্যাহত হয় কিছু অংশের বিদ্যুৎ পরিষেবা। এই ঘটনার জেরে গোটা উত্তর কলকাতায় জল সরবরাহে ব্যাপক প্রভাব পড়ার পাশাপাশি জলদূষণের আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার বেলার দিকে আচমকাই এলাকায় হু হু করে জল ঢুকতে শুরু করে। প্রথমে কারণ বোঝা না গেলেও পরে জানা যায়, উত্তর কলকাতার পানীয় জল সরবরাহের প্রধান উৎস টালা ট্যাঙ্কের পাইপ ফেটে যাওয়ার কারণেই এই বিপত্তি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুরকমিশনার স্মিতা পাণ্ডে। তিনি নিজেই উপস্থিত থেকে সমস্যা সমাধানের তদারকি করেন।
পুরকমিশনার জানান, মাটির তলার একটি পাইপ ফেটে গিয়েই এই বিপর্যয় ঘটেছে। একই জায়গায় রেলট্র্যাক থাকায় নিকাশির দায়িত্ব রেলের। এলাকায় বেশ কয়েকটি নালা থাকলেও সময়মতো জলের গতিপথ সেদিকে ঘোরানো হয়নি বলেই এত জল জমে গিয়েছে বলে তিনি জানান। জমে থাকা জল দ্রুত বের করার জন্য পুরকর্মীরা কাজ শুরু করেছেন। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে ঠিক কতটা সময় লাগবে, তা এখনও স্পষ্ট নয়। পুরসভা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালালেও, পানীয় জল নিয়ে উদ্বেগে দিন গুনছেন উত্তর কলকাতার বাসিন্দারা।